শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

কৃষক কার্ডের দ্বিতীয় ধাপ ২ ডিসেম্বর কুষ্টিয়ায় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দুই ধাপে প্রায় ১০২ কোটি টাকার সহায়তা

খুলনা, ঢাকা ও রংপুর বিভাগের প্রায় সাড়ে চার লাখ কৃষককে আনা হচ্ছে; জনপ্রতি বছরে ২ হাজার ৫০০ টাকা কৃষি উপকরণ সহায়তা মিলবে।

কৃষকদের সরকারি সহায়তা সরাসরি পৌঁছে দিতে এবং কৃষিসেবা সহজ করতে ‘কৃষক কার্ড’ কর্মসূচির দ্বিতীয় ধাপের কার্যক্রম শুরু হচ্ছে আগামী ২ ডিসেম্বর। কৃষি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ওই দিন কুষ্টিয়া সদর উপজেলায় প্রধানমন্ত্রী কর্মসূচির উদ্বোধন করবেন।

দ্বিতীয় ধাপের প্রথম পর্যায়ে খুলনা ও ঢাকা বিভাগের প্রায় দুই লাখ ৯০ হাজার কৃষককে কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এর মধ্যে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের কৃষি উপকরণ কেনার সহায়তা হিসেবে প্রায় ৬৭ কোটি ২০ লাখ টাকা দেওয়া হবে। এরপর আগামী ৫ ডিসেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় রংপুর বিভাগের কৃষকদের জন্য কার্ড বিতরণ ও উপকরণ সহায়তার কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

রংপুর বিভাগের প্রায় এক লাখ ৫৪ হাজার কৃষক এ কর্মসূচির আওতায় আসবেন। তাঁদের মধ্যে এক লাখ ৩৭ হাজার ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের ব্যাংক হিসাবে প্রায় ৩৪ কোটি ৪৩ লাখ টাকা পাঠানো হবে। দুই পর্যায় মিলিয়ে কৃষকেরা প্রায় ১০২ কোটি টাকার কৃষি সহায়তা পাবেন।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দুই পর্যায়ে খুলনা, ঢাকা ও রংপুর বিভাগের প্রায় চার লাখ ৪৪ হাজার কৃষককে কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে প্রায় চার লাখ ছয় হাজার কৃষক বছরে জনপ্রতি ২ হাজার ৫০০ টাকা হারে কৃষি উপকরণ কেনার সহায়তা পাবেন। এ জন্য মোট প্রায় ১০১ কোটি ৬৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে, যা সরকারি আইবাস ব্যবস্থার মাধ্যমে সরাসরি কৃষকদের ব্যাংক হিসাবে যাবে।

কৃষিমন্ত্রী আমিন উর রশিদ বলেন, দেশের কৃষিকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে অর্থনীতির প্রধান খাতে পরিণত করতে সরকার কাজ করছে। আধুনিক চাষাবাদ পদ্ধতি ও প্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে চাহিদা অনুযায়ী কৃষিপণ্য উৎপাদন নিশ্চিত করতেই কৃষক কার্ড চালু করা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, ডিসেম্বর মাসে পর্যায়ক্রমে অন্যান্য বিভাগের কৃষকদের জন্যও আলাদা উদ্বোধনী অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে। সরকার আগামী চার বছরে দেশের প্রায় দুই কোটি ৩৫ লাখ কৃষককে পর্যায়ক্রমে কৃষক কার্ডের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করেছে।