পাবনার ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) নতুন একটি কারখানা স্থাপন করতে যাচ্ছে শতভাগ মার্কিন মালিকানাধীন প্রতিষ্ঠান বিডি লেপাচু লিমিটেড। এ লক্ষ্যে রোববার (১৫ নভেম্বর) ঢাকায় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) কার্যালয়ে প্রতিষ্ঠানটির সঙ্গে একটি ভূমি ইজারা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বেপজার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
আন্তর্জাতিক কসমেটোলজি একাডেমি ও সেলুনগুলোর চাহিদা মেটাতে প্রশিক্ষণের কাজে ব্যবহৃত পণ্য উৎপাদন করবে প্রতিষ্ঠানটি। কারখানা স্থাপনে তারা ৫০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করবে। সেখানে বছরে এক লাখ কৃত্রিম মাথা বা ‘হেয়ার ম্যানিকুইন হেড’ উৎপাদিত হবে। এসব পণ্য রপ্তানি করে বছরে প্রায় ৭০ লাখ ডলার আয় হবে বলে আশা করা হচ্ছে। নতুন কারখানায় ২৯৫ জন বাংলাদেশিসহ মোট ৩০০ জনের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
বেপজা জানিয়েছে, কারখানায় অরিজিনাল সিরিজ, ক্যাপ সিরিজ, প্রিমিয়াম সিরিজ ও স্লিপ-অন সিরিজ—এই চার ধরনের শিক্ষামূলক হেয়ার ম্যানিকুইন হেড তৈরি হবে। আন্তর্জাতিক পর্যায়ের সৌন্দর্যচর্চা প্রশিক্ষণ প্রতিষ্ঠান ও সেলুনের জন্য বিশেষভাবে এসব পণ্য বানানো হবে।
চুক্তিতে বেপজার পক্ষে সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন এবং বিডি লেপাচু লিমিটেডের পক্ষে মহাব্যবস্থাপক হে ঝি লং স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে স্বাগত জানিয়ে তিনি বাংলাদেশকে বিনিয়োগের গন্তব্য হিসেবে বেছে নেওয়ার জন্য ধন্যবাদ জানান এবং কারখানা স্থাপন ও নির্বিঘ্নে ব্যবসা পরিচালনার জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
বেপজা বলছে, তৈরি পোশাকের বাইরে নতুন ধরনের পণ্য উৎপাদন ও রপ্তানি বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে এ বিনিয়োগকে গুরুত্ব দেওয়া হচ্ছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, ঈশ্বরদী ইপিজেডে ইতিমধ্যে চারটি প্রতিষ্ঠান ক্যাপ, পরচুলা ও প্রসাধনী পণ্য উৎপাদন করছে। গত অক্টোবর পর্যন্ত এই ইপিজেডে ২৭টি শিল্পপ্রতিষ্ঠান চালু রয়েছে, আরও আটটি বাস্তবায়নাধীন। প্রতিষ্ঠার পর থেকে এখান থেকে মোট ২৩৭ কোটি ১৭ লাখ ৩০ হাজার ডলারের পণ্য রপ্তানি হয়েছে এবং এ পর্যন্ত প্রকৃত বিনিয়োগ এসেছে ২৮ কোটি ৭০ লাখ ডলার।