পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) তাদের ঘোষিত বিক্ষোভ সমাবেশ প্রায় এক সপ্তাহের জন্য পিছিয়ে দেওয়ায় ইসলামাবাদ ক্যাপিটাল পুলিশের নিরাপত্তা বাজেট প্রায় দ্বিগুণ হয়ে মোট খরচ ১ বিলিয়ন রুপি ছাড়িয়ে যেতে পারে। এর আগে পিটিআই ২৭ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী আন্দোলনের ডাক দিয়েছিল, যার জন্য পুলিশ পাঞ্জাব ও সিন্ধু থেকে অতিরিক্ত পুলিশ সদস্য এবং কনটেইনারের ভাড়াসহ ৮২ কোটি রুপির বাজেট আবেদন পাঠায়।
পুলিশের হিসাব অনুযায়ী, সংগৃহীত ১,৫৫০টি কনটেইনারের প্রতিদিনের ভাড়া ৪ কোটি ৬৫ লাখ রুপি। বিক্ষোভের তারিখ পিছিয়ে যাওয়ায় এক সপ্তাহে এর ভাড়া দাঁড়াবে ৩২ কোটি ৫৫ লাখ রুপি এবং দুই সপ্তাহে ৬৫ কোটি ১০ লাখ রুপি। সিন্ধু পুলিশ থেকে চাওয়া ২,০০০ অতিরিক্ত সদস্য এরই মধ্যে ইসলামাবাদে পৌঁছেছে এবং তাদের জন্য প্রতিদিন ১২ লাখ রুপি খাবারের খরচ হচ্ছে, যা দুই সপ্তাহে ১ কোটি ৬৮ লাখ রুপি দাঁড়াবে। তবে পাঞ্জাব পুলিশের কাঙ্ক্ষিত ১৬,০০০ সদস্যের দলটি এখনো ইসলামাবাদে এসে পৌঁছায়নি। তাদের ২৬ সেপ্টেম্বর বিকেলে পৌঁছানোর কথা ছিল।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যাতায়াতের জন্য ৭০টি কোস্টার এবং ৩০টি ডাবল-ক্যাবিন গাড়ি ভাড়া করা হয়েছে, যার জন্য প্রতিদিন যথাক্রমে ১০ লাখ ৫০ হাজার রুপি এবং ৩ লাখ রুপি খরচ হচ্ছে। বিভিন্ন স্তরের পুলিশ কর্মকর্তাদের থাকার জন্য শহরজুড়ে ১৩টি হোটেলে ১৭৫টি রুম বুক করেছে পুলিশ। এর মধ্যে ইনস্পেক্টর থেকে এসপি পদমর্যাদার কর্মকর্তাদের জন্য ১৫৭টি রুমের দৈনিক ভাড়া ৭ লাখ ৫৪ হাজার ৫০০ রুপি, যা এক সপ্তাহে প্রায় ৫২ লাখ ৮১ হাজার ৫০০ রুপি।
অল পাকিস্তান গুডস অ্যালায়েন্সের চেয়ারম্যান নিসার হোসেন জাফরি অভিযোগ করেছেন যে ইসলামাবাদ ও পাঞ্জাব পুলিশ অন্তত ২,৭০০টি পণ্যবাহী গাড়ি চালক-সহকারীদেরসহ আটক করেছে, যার মধ্যে প্রায় ৪০০টির খোঁজ পাওয়া যাচ্ছে না। বাকিদের বিভিন্ন থানায় আটকে রাখা হয়েছে। তিনি বলেন, “এগুলোকে ছেড়ে দেওয়া হবে নাকি পুলিশ নিজের কাছে রেখে দেবে, সে বিষয়ে কর্তৃপক্ষ এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।”
পুলিশ সূত্র জানিয়েছে, এসব বড় কনটেইনার চালানোর জন্য বিশেষ দক্ষতার প্রয়োজন হওয়ায় এবং প্রয়োজনমতো গাড়ি ব্যবহারের জন্য কনটেইনার ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আটক কর্মীদের থানায় রাখা হবে। পুলিশ চালক ও কর্মীদের আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার না করলেও থানা থেকে বের হতে দিচ্ছে না এবং তাদের মোবাইল ফোন, গাড়ির কাগজপত্র ও চাবি কেড়ে নেওয়া হয়েছে। আটক ২,৭০০টি গাড়ির মধ্যে ৪৫০টিতে ওষুধ, খাদ্যদ্রব্য ও রাসায়নিক সামগ্রীবোঝাই ছিল।