তথ্য কমিশন জনগণের পক্ষে থাকবে না, সরকারের পক্ষেও থাকবে না; কমিশন নিরপেক্ষ থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন নতুন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন ইসলাম খান। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে তথ্য কমিশনের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিশনের কর্মকাণ্ড তুলে ধরতে গিয়ে তিনি এ কথা বলেন।
গত ১৭ অক্টোবর প্রধান তথ্য কমিশনার ও অপর দুই তথ্য কমিশনার নিয়োগের মধ্য দিয়ে দুই বছর ধরে চলা অচলাবস্থা কাটানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর তৎকালীন কমিশন পদত্যাগ করে ও সরে যায়। অন্তর্বর্তী সরকারের সময় নতুন কমিশন গঠন করা হয়নি। বিএনপি সরকার ক্ষমতায় আসার আট মাস পর নতুন কমিশন গঠিত হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাহরিন ইসলাম খান প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পান। অপর দুজন তথ্য কমিশনার হলেন সাংবাদিক এস এ এম মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেন।
প্রথম ১০০ দিনের অগ্রাধিকার
সংবাদ সম্মেলনে নতুন কমিশনের প্রথম ১০০ দিনের অগ্রাধিকার ও কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। প্রধান তথ্য কমিশনার বলেন, কমিশনের প্রথম কাজ হবে মানুষকে জানানো, তথ্য কমিশনের কাজ কী। এ লক্ষ্যে প্রথমে বিশ্ববিদ্যালয় পর্যায়ে তথ্য মেলা হবে। এ মাসের শেষ দিকে সপ্তাহব্যাপী তিনটি সরকারি ও চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মেলা আয়োজন করা হবে, যাতে শিক্ষার্থীরা তথ্য অধিকার সম্পর্কে জানতে পারেন।
অভিযোগের শুনানি
দীর্ঘদিন বন্ধ থাকার পর তথ্য না পাওয়ার বিষয়ে জমা পড়া অভিযোগের শুনানি শুরু হচ্ছে বলে জানান অধ্যাপক নাহরিন ইসলাম খান। তিনি বলেন, গত দুই বছরে তথ্য কমিশনে ৯১৭টি অভিযোগ জমা পড়েছে। ১৬ নভেম্বর এসব অভিযোগের শুনানি শুরু হবে। এ ছাড়া নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর প্রায় ২০০টি অভিযোগ জমা পড়েছে।
ওয়েবসাইটে বাজেটের তথ্য
নাগরিকদের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে প্রধান তথ্য কমিশনার জানান, কমিশন এখন বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট পরিবীক্ষণ করছে। সেখানে বাজেটের তথ্য প্রকাশ করা হয়েছে কি না, তা দেখা হচ্ছে। প্রতিষ্ঠানগুলোকে ওয়েবসাইটে বাজেটের তথ্য প্রকাশ করতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে চিঠি দেওয়া হবে এবং যাদের ওয়েবসাইটে এসব তথ্য থাকবে না, তাদের জবাবদিহির আওতায় আনা হবে।
প্রশিক্ষণসহ কমিশনের অন্যান্য কার্যক্রমের কথাও তিনি তুলে ধরেন। এ সময় কমিশনের জনবলসংকটের কথাও উল্লেখ করেন প্রধান তথ্য কমিশনার। অপর দুই কমিশনারও সংবাদ সম্মেলনে বক্তব্য দেন।