মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

সিলেট সীমান্তে বিজিবি-এসআরবির যৌথ অভিযানে ১৯টি প্লাস্টিক বিস্ফোরক ও স্কার্ফ সিরাপ জব্দ

জৈন্তাপুরের শ্রীপুর পিকনিক স্পট এলাকায় পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়; চলতি বছর ৪৮ বিজিবি ব্যাটালিয়নের জব্দ করা অস্ত্র-বিস্ফোরকের হিসাবও দিয়েছে বিজিবি।

সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার সীমান্ত এলাকায় যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার দুপুরে গোয়াইনঘাট উপজেলার সারিঘাট এলাকায় বিজিবি ও এসআরবি যৌথভাবে বিশেষ অভিযান চালায়। এসআরবির প্রযুক্তিগত সহায়তায় লক্ষ্যবস্তুর সর্বশেষ অবস্থান জৈন্তাপুর উপজেলার শ্রীপুর পিকনিক স্পট এলাকায় শনাক্ত হলে অভিযানী দল দ্রুত সেখানে পৌঁছে এলাকা ঘিরে ফেলে।

পরে বিজিবির ডগ স্কোয়াডের সহায়তায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৯টি প্লাস্টিক বিস্ফোরক ও সাতটি নেশাজাতীয় স্কার্ফ সিরাপ জব্দ করা হয়।

বিজিবি জানায়, চলতি বছরে সিলেট ৪৮ ব্যাটালিয়ন ১০টি অবৈধ অস্ত্র, ৪৮ রাউন্ড গুলি, ১৯টি প্লাস্টিক বিস্ফোরক, ৫০টি বিস্ফোরক পাওয়ারজেল, ৪৮টি ডেটোনেটর এবং ৫৯ ফুট ডেটোনেটিং কর্ড জব্দ করেছে।

৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, অবৈধ অস্ত্র ও গোলাবারুদের চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা চলছে। তাঁর ভাষ্য, বর্তমান পরিস্থিতি বিবেচনায় সব ধরনের অবৈধ অস্ত্র ও গোলাবারুদ জব্দে বিজিবি ও এসআরবি এ ধরনের যৌথ অভিযান চালাচ্ছে। এ বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।