বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

হামে এক দিনে আরও ৮ জনের মৃত্যু, মার্চ থেকে উপসর্গ নিয়ে মৃত্যু বেড়ে ১ হাজার ২৬৫

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৭ জন শনাক্ত হয়েছে।

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত মারা যাওয়া এই আটজনের মধ্যে সাতজন উপসর্গ নিয়ে এবং একজন নিশ্চিত হামে মারা গেছেন।

এ সময়ে নতুন করে হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছে ১ হাজার ৭ জন। এর মধ্যে ১০২ জনের শরীরে হাম সংক্রমণ নিশ্চিত হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১ হাজার ২৬৫। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৬ জন।

অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছে ২ লাখ ৬১ হাজার ৫৩৫ জন, যাঁদের মধ্যে ২৬ হাজার ৪৭৬ জনের সংক্রমণ নিশ্চিত হয়েছে। এই সময়ে উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৩৪ হাজার ২৮০ জন; তাঁদের মধ্যে ২ লাখ ২৫ হাজার ২৬৮ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

বিভাগভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে, ৩৩২ জন। এরপর চট্টগ্রাম বিভাগে ২৪৫, সিলেটে ১৬৩, খুলনায় ১০২, বরিশালে ৭৫, ময়মনসিংহে ৫৬ ও রংপুরে ২৩ জন শনাক্ত হয়েছেন। রাজশাহী বিভাগে শনাক্ত হয়েছে ১১ জন।

দীর্ঘ সময়ের হিসাবেও ঢাকা বিভাগে রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। ১৫ মার্চ থেকে এ বিভাগে হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছে ১ লাখ ৮ হাজার ৬১৫ জন। চট্টগ্রাম বিভাগে এ সংখ্যা ৫১ হাজার ৮২৪ এবং সিলেট বিভাগে ২৩ হাজার ৮৫৮।