শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

রাজশাহীতে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, রাজপাড়া ও পবা থানার পৃথক মামলায় বৃহস্পতিবার ও শুক্রবার চারজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

রাজশাহী মহানগরীর রাজপাড়া ও পবা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা পৃথক মামলায় কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ও শুক্রবার (২০ নভেম্বর) নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মো. জাবেদ আকতার (৫০), আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. মনিরুল ইসলাম মনা (৪০), মো. নুরুজ্জামান টুকু (৪৯) এবং রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পবা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মানজাল (৫৩)।

পুলিশ জানায়, রাজপাড়া থানার মামলায় বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে লক্ষ্মীপুর মোড় এলাকা থেকে জাবেদ আকতারকে গ্রেপ্তার করে থানা পুলিশ। একই দিন বিকেল সোয়া ৫টার দিকে বোয়ালিয়া থানার নিউমার্কেট এলাকার একটি দোকান থেকে মনিরুল ইসলামকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার দুপুর আড়াইটার দিকে রাজপাড়া থানার মহিষবাথান এলাকায় অভিযান চালিয়ে নুরুজ্জামানকে গ্রেপ্তার করে ডিবি।

অন্যদিকে পবা থানার পৃথক একটি মামলায় বৃহস্পতিবার রাত ৭টার দিকে আলাইবিদিরপুর এলাকা থেকে মোস্তাফিজুর রহমান মানজালকে গ্রেপ্তার করে পবা থানা পুলিশ। পুলিশ জানায়, তিনি রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।

আরএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে। মামলাগুলোর তদন্ত চলছে। পুলিশ আরও জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা অভিযুক্ত মাত্র; আদালতে তাঁদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি।