বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও তাঁর মাকে হত্যার মামলায় মোবারক হোসেনের মৃত্যুদণ্ড

কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ বুধবার একমাত্র আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন; বিচার শেষ হয়েছে মাত্র দুই মাস ১৫ দিনে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী ও তাঁর মায়ের হত্যা মামলার একমাত্র আসামি মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. ইয়াসিন আরাফাত এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আব্দুল মোতালেব জানান, মাত্র দুই মাস ১৫ দিনের মধ্যে মামলার বিচারিক কার্যক্রম শেষ হয়েছে। গত ১২ অক্টোবর সাক্ষ্যগ্রহণ শেষ হয় এবং ২৭ অক্টোবর যুক্তিতর্ক সম্পন্ন হয়। মামলায় মোট ১৩ জন সাক্ষীর সাক্ষ্য উপস্থাপন করা হয়। রায়ে শিক্ষার্থীকে হত্যার দায়ে দুই লাখ টাকা এবং তাঁর মাকে হত্যার দায়ে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এপিপি বলেন, “আজকের এ রায়ের মাধ্যমে একটি বার্তা প্রতিষ্ঠিত হয়েছে—কেউ আইনের ঊর্ধ্বে নয়। আমরা চাই, দ্রুত এ রায় কার্যকর হোক।”

রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন নিহত শিক্ষার্থীর ভাই মো. তাজুল ইসলাম। তিনি বলেন, “আমি ন্যায়বিচার পেয়েছি। এখন দ্রুত এ রায় বাস্তবায়ন দেখতে চাই।” উচ্চ আদালতেও রায় বহাল থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। রায়ে সন্তোষ জানিয়েছেন নিহতের সহপাঠীরাও।

মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর কুমিল্লা নগরের কালিয়াজুড়ি এলাকার একটি ভাড়া বাসায় ওই শিক্ষার্থী ও তাঁর মাকে হত্যা করা হয়। পরদিন পুলিশ বাসা থেকে দুজনের মরদেহ উদ্ধার করে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করা হয়। পুলিশ আসামিকে গ্রেপ্তার করে, ৯ সেপ্টেম্বর তিনি কুমিল্লার আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ঝাড়ফুঁকের সূত্রে নিহত শিক্ষার্থীর পরিবারের সঙ্গে আসামির পরিচয় হয় এবং ঘটনার আগে প্রায় এক মাস তিনি ওই বাসায় যাতায়াত করতেন। জবানবন্দিতে তিনি শিক্ষার্থীকে ধর্ষণ ও বিষয়টি দেখে ফেলায় তাঁর মাকে হত্যার কথা স্বীকার করেন।