বৃষ্টির বাধায় মাঠে গড়ায়নি ভারত-পাকিস্তানের বহুল প্রতীক্ষিত ফাইনাল। ফলে লিগ পর্বে শীর্ষে থাকা পাকিস্তানকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত অন্ধদের ক্রিকেট এশিয়া কাপের (ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড-এশিয়া কাপ ২০২৬) দ্বিতীয় আসরে। রানার্সআপ হয়েছে ভারত।
১৫ থেকে ২০ নভেম্বর পর্যন্ত বসুন্ধরা এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় চার দেশের এই প্রতিযোগিতা। শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় ফাইনাল হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত হলে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী লিগ পর্বের পয়েন্ট তালিকায় এগিয়ে থাকা পাকিস্তানকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
লিগ পর্বে দুর্দান্ত খেলেছে পাকিস্তান। তিন ম্যাচের সবকটিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে তারা শীর্ষস্থান নিশ্চিত করে। ভারত তিন ম্যাচে দুটি জয় ও একটি হারে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়ে ফাইনালে ওঠে। স্বাগতিক বাংলাদেশ ২ পয়েন্ট নিয়ে তৃতীয় এবং শ্রীলঙ্কা কোনো পয়েন্ট না পেয়ে চতুর্থ হয়।
ফাইনালের আগেই ভারত-পাকিস্তানের লড়াইয়ে ছিল দারুণ উত্তেজনা। ১৭ নভেম্বরের ম্যাচে শেষ বলে এক উইকেটে ভারতকে হারায় পাকিস্তান। ভারতের ১৭৯ রানের জবাবে ৯ উইকেট হারিয়ে ১৮০ রান করে তারা। শেষ দুই বলে জয়ের জন্য ৭ রান দরকার ছিল; অলরাউন্ডার নিয়ামতউল্লাহ ছক্কা ও চার মেরে দলকে জয় এনে দেন।
মাঠের লড়াইয়ের পাশাপাশি আনভীর ক্রিকেট স্টেডিয়ামের অবকাঠামো ও ব্যবস্থাপনাও প্রশংসা পেয়েছে। মাঠ, উইকেট, আউটফিল্ড, পানি নিষ্কাশন ব্যবস্থা ও সামগ্রিক সুযোগ-সুবিধা নিয়ে সন্তুষ্টি জানিয়েছেন ভারত ও শ্রীলঙ্কার ক্রিকেটার ও কোচরা।