যশোরের কেশবপুর পাবলিক লাইব্রেরি দুই বছরের বেশি সময় ধরে তালাবদ্ধ। বিভিন্ন সময় লাইব্রেরিটি সচল করার উদ্যোগ নেওয়া হলেও তা আজও আলোর মুখ দেখেনি।
এলাকার কয়েকজন বাসিন্দা ও লাইব্রেরি সূত্রে জানা গেছে, পাঠাগারটি ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয়। তখন বইপ্রেমী আবদুল করিম, সাংবাদিক মোতাহার হোসেন, মুক্তিযোদ্ধা মণি মোহন ধর, শিক্ষক জোহর আলী ও ব্যবসায়ী বিমল কুমার দে এটি গড়ে তোলেন। ১৯৮৫ সালে সরকার পাঠাগারটির দায়িত্ব নেয়। এরপর থেকে উপজেলা পরিষদ এটি পরিচালনা করে আসছিল।
২০০৯ সালের দিকে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা খলিলুর রহমান উপজেলা পরিষদের শেষ প্রান্তে ডরমিটরির পাশে পাঠাগারের জন্য পাকা ভবন করে দেন। তখন পাঠকেরা আসতেন এবং পাঠাগার ভালোই চলত। তবে গত দুই বছরের বেশি সময় ধরে এটি তালাবদ্ধ অবস্থায় আছে।
প্রতিষ্ঠাকালীন সদস্য আবদুল করিম বলেন, পাঠাগারটি একসময় তাঁদের প্রাণের প্রতিষ্ঠান ছিল। বিভিন্ন সময় তিনি ইউএনওকে এটি চালুর অনুরোধ করেছেন, কিন্তু হয়নি। জীবনের শেষ সময়ে এসে যদি এটি চালু দেখেন, তবে মরেও শান্তি পাবেন বলে তিনি জানান। আরেক প্রতিষ্ঠাকালীন সদস্য সাংবাদিক মোতাহার হোসেন বলেন, কেশবপুর শহরে এই পাবলিক লাইব্রেরি ছাড়া আর কোনো পাঠাগার নেই, তাই এটি চালু করা খুবই জরুরি।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পাঠাগারটি আবার চালুর ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা পরিষদ থেকে দুই লাখ টাকার একটি বাজেট পাওয়া গেছে, যা দিয়ে সংস্কারকাজ হবে। নতুন গঠনতন্ত্র তৈরি করে পাঠাগারের নিয়মিত কমিটি করা হবে। কেশবপুরের ইউএনও আনোয়ার হোসেন বলেন, পাঠাগার আবার চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে এবং কমিটি গঠন করে এটিকে সচল করা হবে।