রাজধানীর কদমতলীর পোস্তগোলা গোল চত্বর এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে একটি মিশুক ও একটি অটোরিকশার দুই চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গোল চত্বরের সিএনজি স্টেশনের সামনে দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন অটোরিকশাচালক জাকির হোসেন (৫৫) এবং মিশুকচালক জাহাঙ্গীর পোদ্দার (৫০)। জাকির হোসেনের বাড়ি হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার রসুলপুর এলাকায়; তিনি পরিবার নিয়ে কদমতলীতে ভাড়া বাসায় থাকতেন। জাহাঙ্গীর পোদ্দারের বাড়ি পটুয়াখালী সদর এলাকায়; তিনিও কদমতলীতে বসবাস করতেন।
নিহত জাকির হোসেনের ছেলে মাহিন হোসেন জানান, তাঁর বাবা পেশায় অটোরিকশাচালক ছিলেন। তাঁর ভাষ্য অনুযায়ী, বুধবার রাতে দুটি ট্রাক দ্রুতগতিতে প্রতিযোগিতা করে যাওয়ার সময় ট্রাক দুটির দুই পাশে থাকা অটোরিকশা ও মিশুকে সজোরে ধাক্কা দেয়। এতে দুই চালক পাশের খাদে পড়ে গুরুতর আহত হন। পথচারীরা তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত জাহাঙ্গীরের স্ত্রী হাওয়া বেগম জানান, রাতে হাসপাতালে এসে তিনি স্বামীকে মৃত অবস্থায় দেখতে পান। পরে তিনি জানতে পারেন, ট্রাকের ধাক্কায় তাঁর স্বামীর মৃত্যু হয়েছে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে দুই চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাশে থাকা মিশুক ও অটোরিকশার দুই চালক গুরুতর আহত হয়েছিলেন। আহত অন্য একজনকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।