নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে ছুরিকাঘাতে গুরুতর আহত ইয়াছিন মিয়া ওরফে মিশকাত (২২) নামের এক মাদ্রাসাশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর পরিবারের অভিযোগ, চাচা মামুনই তাঁকে ছুরি দিয়ে আঘাত করেছেন।
নিহতের বোনজামাই মাসুম মিয়ার অভিযোগ, দেবই মাদ্রাসার দপ্তরি ও ইয়াছিনের চাচা মামুনের সঙ্গে তাঁদের দীর্ঘদিন ধরে পূর্বশত্রুতা চলছিল। এর জের ধরে গত ২১ নভেম্বর সন্ধ্যায় মাদ্রাসার সামনে ইয়াছিনকে একা পেয়ে হামলা করেন মামুন। এ সময় রিয়াদ, শান্তসহ অজ্ঞাতপরিচয় আরও চার-পাঁচজন দেশীয় অস্ত্র নিয়ে সেখানে উপস্থিত ছিলেন বলে অভিযোগ করেন মাসুম। তাঁর অভিযোগ, একপর্যায়ে মামুন হাতে থাকা ছুরি দিয়ে ইয়াছিনের পেটে আঘাত করেন। এরপর হামলাকারীরা পালিয়ে যান।
গুরুতর আহত ইয়াছিনকে উদ্ধার করে পরিবারের সদস্যরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানেই সোমবার রাতে তাঁর মৃত্যু হয়।
নিহত ইয়াছিন উপজেলার দাউদপুর ইউনিয়নের দেবই গ্রামের শফিকুল ইসলামের ছেলে। তিনি দেবই-কাজীরবাগ মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় অংশ নিয়ে একটি বিষয়ে অকৃতকার্য হয়েছিলেন। আগামী সপ্তাহে ওই বিষয়ে পুনরায় পরীক্ষা দেওয়ার কথা ছিল তাঁর।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ময়নাতদন্ত শেষে মঙ্গলবার বিকেলে ইয়াছিনের মরদেহ গ্রামের বাড়িতে নেওয়ার কথা। রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন জানান, হামলার ঘটনায় আগেই একটি অভিযোগ পাওয়া গিয়েছিল। সেটির ভিত্তিতে মামলা হয়েছে। নিহতের ঘটনায় নতুন করে মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।