শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

বাঘায় গ্রামীণ ব্যাংকের শাখা থেকে সাতটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার, সড়ক অবরোধের মামলায় গ্রেপ্তার ১

রাজশাহীর বাঘার মনিগ্রামে গ্রামীণ ব্যাংক শাখার সামনে ও চত্বর থেকে সাতটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম গ্রামীণ ব্যাংক শাখার সামনে ও চত্বর থেকে পরিত্যক্ত অবস্থায় সাতটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ককটেলগুলো উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বুধবার (১৮ নভেম্বর) রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা শাখার প্রবেশপথের পাশে একটি এবং ব্যাংক চত্বরে ছয়টি ককটেল ফেলে যায়। পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট সেগুলো নিষ্ক্রিয় করে। ভেতরের বস্তু পরীক্ষার জন্য সিআইডি দপ্তরে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ককটেলগুলো স্থানীয়ভাবে তৈরি।

ব্যাংকের সহকারী ব্যবস্থাপক সইদুল ইসলাম জানান, তিনি ব্যাংকের ভেতরেই থাকেন। সকালে বাইরের মসজিদে নামাজ পড়ে ফেরার সময় গেটের পাশে ও ভেতরে লাল টেপে মোড়ানো বস্তু দেখে ককটেল সন্দেহ হলে টহলরত পুলিশকে জানান।

এদিকে রাতের অন্ধকারে আড়ানী-রুস্তমপুর পাকা সড়কের পাশের গাছ কেটে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের অভিযোগে মামলা হয়েছে। আড়ানী পৌরসভার মিজানুর রহমান বাদী হয়ে ২৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করেন। এ মামলায় চারঘাট উপজেলার চক মুক্তারপুর গ্রামের রহিম উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম বাবুকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে।

মনিগ্রাম ইউনিয়ন বিএনপির স্থানীয় নেতাদের দাবি, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির অংশ হিসেবে জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এসব ঘটনা ঘটানো হয়েছে। উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু বলেন, এ ধরনের কর্মকাণ্ড ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি দলীয় নেতাকর্মীদেরও সজাগ থাকতে বলা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ।