বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

জয়পুরহাটে প্রতি ইউনিয়নে তিন কাজী নিয়োগের উদ্যোগ বাতিলের দাবিতে কলম বিরতি

সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে নিকাহ রেজিস্ট্রারেরা বলেন, একাধিক কাজী নিয়োগ হলে এই পেশায় জড়িতদের জীবিকা সংকটে পড়বে।

প্রতি ইউনিয়নে একজনের পরিবর্তে তিনজন নিকাহ রেজিস্ট্রার (কাজী) নিয়োগের উদ্যোগ বাতিলের দাবিতে জয়পুরহাটে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা কাজী সমিতি। সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি হয়।

কর্মসূচি থেকে বিদ্যমান কর্ম-অধিক্ষেত্র ও পেশাগত অধিকার বহাল রাখার পাশাপাশি বিবাহ নিবন্ধন ফি বাড়ানোর দাবি জানানো হয়। শূন্য পদগুলোতে যোগ্য আলেম-ওলামাদের নিয়োগ দেওয়ার দাবিও তোলেন তাঁরা।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন বিধিমালা-২০০৯ অনুযায়ী প্রতিটি এলাকায় একজন করে নিকাহ রেজিস্ট্রার বহাল থাকাই নিয়ম। কিন্তু বিদ্যমান কর্ম-অধিক্ষেত্র ভেঙে একজনের জায়গায় একাধিক কাজী নিয়োগের উদ্যোগ নেওয়া হলে তা এ পেশার সঙ্গে জড়িতদের জীবিকা ও অধিকারকে সংকটে ফেলবে।

তাঁরা আরও জানান, বর্তমানে একজন নিকাহ রেজিস্ট্রার মাসে গড়ে পাঁচ থেকে সাতটি বিয়ে নিবন্ধন করেন। এ থেকে পাওয়া ফির ওপর সরকারকে ভ্যাট ও ট্যাক্স দিতে হয়। সীমিত এই আয়ে বর্তমান বাজারদরে সংসার চালানোই কঠিন হয়ে পড়েছে; এর মধ্যে প্রতি ইউনিয়নে তিনজন করে নিয়োগ দিলে তাঁদের আয় আরও কমে যাবে।

বক্তারা নিকাহ রেজিস্ট্রার পদে নিয়োগের ক্ষেত্রে মাদরাসাভিত্তিক ধর্মীয় শিক্ষা, ইসলামি শরিয়ত, মুসলিম পারিবারিক আইন এবং নিবন্ধন-সংক্রান্ত বাস্তব জ্ঞান ও দক্ষতা নিশ্চিত করার দাবি জানান। কেবল সাধারণ শিক্ষাগত ডিগ্রির ভিত্তিতে নিয়োগের প্রস্তাব বাতিলের আহ্বানও জানান তাঁরা।

কর্মসূচিতে জয়পুরহাট জেলা মুসলিম নিকাহ রেজিস্ট্রার ও কাজী সমিতির সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন, সহসভাপতি নুরুন্নবী ও সাংগঠনিক সম্পাদক শাহ আলমসহ জেলার বিভিন্ন ইউনিয়নের কাজীরা উপস্থিত ছিলেন।