বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

রামেক হাসপাতালে পরিচালকের কার্যালয়ে মারধরের শিকার ছাত্রলীগের দুই সাবেক নেতা পুলিশ হেফাজতে

স্থগিত ইন্টার্নশিপ বহালের চেষ্টায় পরিচালকের সঙ্গে দেখা করতে গেলে শিক্ষার্থীরা তাদের অবরুদ্ধ করে মারধর করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালকের কার্যালয়ে গিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের হাতে অবরুদ্ধ ও মারধরের শিকার হয়েছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রামেক শাখার দুই সাবেক শীর্ষ নেতা। মঙ্গলবার পরিচালকের কক্ষ থেকে উদ্ধার করে তাদের পুলিশি হেফাজতে নেওয়া হয়।

পুলিশ হেফাজতে নেওয়া দুজন হলেন রামেক ছাত্রলীগের সাবেক সভাপতি শুভ কুমার মণ্ডল ও সাবেক সাধারণ সম্পাদক নাহিদ হাসান। প্রিজন ভ্যানে তোলার সময় উত্তেজিত লোকজন তাদের দিকে ডিম ছোড়ে এবং কিল-ঘুষি মারে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পঞ্চম বর্ষ শেষে ইন্টার্নশিপ শুরুর পর ২০২৪ সালের ৬ নভেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে হাসপাতাল কর্তৃপক্ষ দুজনের ইন্টার্নশিপ দুই বছরের জন্য স্থগিত করে। সম্প্রতি ওই স্থগিতাদেশের মেয়াদ শেষ হয়।

এরপর নতুন আবেদনের প্রক্রিয়া অনুসরণ না করেই মঙ্গলবার বেলা ১১টার দিকে হাসপাতালের উপপরিচালকের সহায়তায় তারা পরিচালকের সঙ্গে দেখা করতে যান বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই নেতা পরিচালকের অপেক্ষাকক্ষে থাকার সময় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা সেখানে গিয়ে তাদের ঘিরে ধরে মারধর করেন। পরে তাদের পরিচালকের কক্ষে নিয়ে দরজা বন্ধ করে দেওয়া হয়। সেখান থেকেই পুলিশ তাদের হেফাজতে নেয়।