আগামী ১৭ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে সরকারি স্কুলে ভর্তি পরীক্ষা। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের চাপের কারণে এবার রাজধানীর স্কুলগুলোতে তিন গ্রুপে পরীক্ষা নেওয়া হবে। ঢাকা মহানগরীর ৪৯টি সরকারি বিদ্যালয়কে এ, বি ও সি গ্রুপে ভাগ করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একটি সূত্র রোববার জানিয়েছে, ঢাকা মহানগরীর স্কুলগুলোর ভর্তি বিজ্ঞপ্তি দুই-এক দিনের মধ্যেই প্রকাশিত হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী ‘এ’ গ্রুপের স্কুলগুলোর পরীক্ষা হবে ১৭ ডিসেম্বর। ওই দিন দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির পরীক্ষা সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণির পরীক্ষা দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে।
‘বি’ গ্রুপের স্কুলগুলোর পরীক্ষা ১৮ ডিসেম্বর। সেদিন দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির পরীক্ষা সকাল ১০টা থেকে ১১টা এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণির পরীক্ষা দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। ‘সি’ গ্রুপের স্কুলগুলোর পরীক্ষা ১৯ ডিসেম্বর; সময় ‘এ’ গ্রুপের মতোই।
মাউশির এক কর্মকর্তা জানান, ঢাকা মহানগরী বাদে অন্য স্থানে ভর্তি পরীক্ষা ২১ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে নিতে হবে। ভর্তি নীতিমালা অনুযায়ী স্কুলগুলো নিজেরাই প্রশ্ন তৈরি করে পরীক্ষা আয়োজন করবে।
মাউশি শ্রেণিভেদে প্রশ্নপত্রের মানবণ্টনও ঠিক করে দিয়েছে। দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ৫০ নম্বরের পরীক্ষা হবে, সময় এক ঘণ্টা; এতে বাংলায় ১৫, ইংরেজিতে ১৫ ও গণিতে ২০ নম্বর থাকবে। ষষ্ঠ থেকে নবম শ্রেণির পরীক্ষা হবে ১০০ নম্বরে, দুই ঘণ্টার; এতে বাংলায় ৩০, ইংরেজিতে ৩০ ও গণিতে ৪০ নম্বর।