শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

সিলেট বিভাগে হামে আরও এক শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় ভর্তি ১৩৬ জন; এ বছর বিভাগে মৃত্যু ২০৫

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের তথ্য অনুযায়ী, হবিগঞ্জের লাখাইয়ের ১০ মাস বয়সী শিশু ওসমানী হাসপাতালে মারা গেছে; ১ জানুয়ারি থেকে বিভাগে নিশ্চিত রোগী ১ হাজার ১১৫ জন।

সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে রাজ নামে ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন ভর্তি হয়েছে ১৩৬ জন। শুক্রবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো. মাহবুবুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

মারা যাওয়া শিশুটি হবিগঞ্জের লাখাই উপজেলার বাসিন্দা। সে সিলেটের এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ১৩৬ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫৯, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫০, জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে সাত, পার্কভিউ মেডিক্যাল কলেজ হাসপাতালে চার, সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে চার, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১০ এবং হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে দুজন ভর্তি হয়েছে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে ৪৫১ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১ হাজার ১১৫ জন। জেলাভিত্তিক হিসেবে সিলেটে ৪৪২, সুনামগঞ্জে ৩৫৭, হবিগঞ্জে ১৫৮ ও মৌলভীবাজারে ১৫৮ জনের হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য বিভাগের হিসাবে এ পর্যন্ত বিভাগে হাম ও উপসর্গে ২০৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামে সিলেটে ৭৯, সুনামগঞ্জে ৭২, হবিগঞ্জে ২৯ ও মৌলভীবাজারে ১৫ জনের মৃত্যু হয়েছে। নিশ্চিত হামে সিলেটে চার, হবিগঞ্জে চার, মৌলভীবাজারে একজন ও সুনামগঞ্জে একজন মারা গেছেন। সব মিলিয়ে জেলাভিত্তিক মৃত্যু সিলেটে ৮৩, সুনামগঞ্জে ৭৩, হবিগঞ্জে ৩৩ ও মৌলভীবাজারে ১৬ জন।