পাবনার ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতির সময় একদল মুখোশধারী হামলা ও গুলি চালিয়েছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাঁদের বয়স ১৭ থেকে ২৬ বছরের মধ্যে বলে জানা গেছে।
বিএনপির স্থানীয় নেতারা জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সোমবার বিকেলে সাঁড়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে মাজদিয়া এলাকায় বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছিল। মিছিল শুরুর আগমুহূর্তে নেতা-কর্মীরা জড়ো হচ্ছিলেন। তখন মুখে কালো কাপড় বেঁধে একদল লোক তাঁদের ওপর হামলা চালায় ও গুলি ছোড়ে।
পাবনা জেলা যুবদলের আহ্বায়ক হিমেল রানা বলেন, নেতা-কর্মীরা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন, এ সময় হঠাৎ তাঁদের ওপর গুলি চালানো হয়। কে বা কারা গুলি চালিয়েছে, সে বিষয়ে তাঁরা খোঁজখবর নিচ্ছেন বলে জানান তিনি।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।