ছেলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে নেতৃত্ব দিয়েছেন—এমন অভিযোগ ওঠার পর চট্টগ্রামের রাউজানে বিএনপির এক নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার তাঁকে অব্যাহতি দেওয়া হয়।
অব্যাহতি পাওয়া নেতার নাম মো. সেলিম উদ্দিন। তিনি উপজেলার কদলপুর ইউনিয়ন বিএনপির একাংশের যুগ্ম আহ্বায়ক। স্থানীয়ভাবে জানা গেছে, ওই ইউনিয়নে বিএনপির দুটি কমিটি রয়েছে।
এর আগে গত সোমবার ভোরে রাউজান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সত্তারঘাট এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি আঞ্চলিক মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের একটি মিছিল হয়। পুলিশ জানায়, সেলিম উদ্দিনের ছেলেই মিছিলের নেতৃত্ব দেন। মিছিলের ভিডিও দেখে তাঁকে শনাক্ত করা হয়েছে। তিনি সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী; সম্প্রতি দেশে ফিরে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমে নতুন করে যুক্ত হয়েছেন বলে পুলিশের ভাষ্য। আগেও তিনি সংগঠনটির সঙ্গে যুক্ত ছিলেন।
কদলপুর ইউনিয়ন বিএনপির একাংশের আহ্বায়ক নজরুল ইসলাম বলেন, সেলিম উদ্দিন চৌধুরী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক। ছেলের ভূমিকার কারণে তাঁকে আগেও কয়েকবার দল থেকে সতর্ক করা হয়েছিল, কিন্তু তিনি ছেলেকে বিরত রাখতে ব্যর্থ হয়েছেন। তাই তাঁকে কার্যত সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, স্বল্প সময়ের ওই মিছিলে অংশ নেওয়া অন্যরা বহিরাগত। মিছিলের পর রাতে ওই স্থানে টায়ার জ্বালিয়ে অরাজকতার চেষ্টা এবং ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। এ দুটি ঘটনায় মামলা করা হচ্ছে।