মাদারীপুরের কালকিনি উপজেলায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এ সময় একের পর এক হাতবোমা ও ককটেল বিস্ফোরণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত দফায় দফায় উপজেলার মাছ বাজার এলাকার গোলচত্বরে এ ঘটনা ঘটে। রাতে ওই এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে যুবদল নেতা শামীম বেপারী ও হাসান মাতুব্বরের নেতৃত্বে বিএনপি, যুবদল ও ছাত্রদলের কর্মীরা আওয়ামী লীগের কর্মীদের মুখোমুখি অবস্থান নেন। এরপর দুই পক্ষ ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়ায়। স্থানীয়রা জানান, সংঘর্ষের সময় শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরিত হয়, বিকট শব্দে আশপাশের এলাকা কেঁপে ওঠে।
বিএনপির নেতা-কর্মীদের অভিযোগ, আওয়ামী লীগের পক্ষে তৌফিকুজ্জামান শাহীন, লোকমান সরদার, এমদাদুল সরদারসহ বেশ কয়েকজন নেতা-কর্মী উপস্থিত থেকে হামলা চালিয়েছেন। এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
নাম প্রকাশ না করার শর্তে বিএনপির কয়েকজন নেতা বলেন, পুলিশের উপস্থিতিতেই নিষিদ্ধ সংগঠনটির নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করছেন ও সংঘবদ্ধ হওয়ার সুযোগ পাচ্ছেন, যা তাঁদের কাছে বোধগম্য নয়। তাঁরা বোমাবাজি ও বিশৃঙ্খলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। রাজনৈতিক কর্মসূচির নামে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার সুযোগ দেওয়া উচিত নয় বলেও তাঁরা মত দেন।
ঘটনার পর স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। রাতের বেলায় এমন বিস্ফোরণ ও সংঘর্ষের কারণে বাসিন্দারা প্রশাসনের কার্যকর পদক্ষেপ চেয়েছেন।
খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান মাহমুদ বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।