টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ ও অচলাবস্থার পর গাজীপুরের শিল্পাঞ্চলে স্বাভাবিক কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে। ছুটি শেষে রোববার সকাল থেকে কারখানায় যোগ দিয়েছেন পোশাকশ্রমিকেরা। বিক্ষোভের কারণে বন্ধ থাকা কারখানাগুলোও খুলেছে।
সকালে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে দেখা গেছে, শ্রমিকেরা স্বাভাবিকভাবে কারখানায় ঢুকছেন; ফটকের চিত্র ছিল অন্য যেকোনো কর্মদিবসের মতো। ঢাকা–টাঙ্গাইল ও ঢাকা–ময়মনসিংহ মহাসড়কসহ গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচলও স্বাভাবিক ছিল। কোথাও শ্রমিকদের বিক্ষোভের খবর পাওয়া যায়নি।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, সকাল থেকেই পোশাক কারখানার শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন। কারখানাগুলো খুলে দেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থানগুলোয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৩ প্লাটুন বিজিবি, ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ বিপুলসংখ্যক পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। তাঁর সঙ্গে কথা হওয়া শ্রমিকেরা কাজে ফিরে আনন্দিত বলেও তিনি জানান।
কর্মস্থলে ফেরা কয়েকজন শ্রমিক বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় তাঁরা বেতন বাড়ানোর দাবির সঙ্গে একমত। তবে কাজ বন্ধ রেখে আন্দোলন, ভাঙচুর বা কারখানায় অস্থিরতা তাঁরা চান না; নিয়মিত কাজ চালিয়ে নিজেদের ন্যায্য দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরতে চান।
বেতন বাড়ানোর দাবিতে গত অক্টোবরের শেষ সপ্তাহ থেকে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ে। কয়েক দফায় মহাসড়ক অবরোধ, পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ কারণে অনেক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি, পুলিশ ও আনসারসহ অন্যান্য বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।