স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে ছিল। একই সঙ্গে তিনি বলেছেন, বাংলাদেশে কোনো ফ্যাসিস্ট শক্তি, পলাতক অপরাধী বা গণহত্যাকারীকে কোনো ধরনের অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া হবে না।
শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা অনুষ্ঠানের বিষয়ে রোববার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার গুঞ্জন সামাজিক যোগাযোগমাধ্যমে আছে—এমন এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তাঁকে ফেরত পাওয়ার জন্য এক্সট্রাডিশন চুক্তি অনুযায়ী পার্শ্ববর্তী দেশকে একাধিকবার অনুরোধপত্র পাঠানো হয়েছে। সরকারের অবস্থান পরিষ্কার বলেও জানান তিনি।
পূজা প্রসঙ্গে মন্ত্রী বলেন, এবার দুর্গাপূজায় ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করা সম্ভব হয়েছে। তাঁর ভাষ্য, গত ১৫-১৭ বছরে দুর্গাপূজাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা এবং ধর্মীয় সম্প্রীতি নষ্টের ঘটনা ঘটানো হয়েছিল। বর্তমান সরকার সেই পরিস্থিতি থেকে মুক্ত হতে পেরেছে এবং সবার সহযোগিতায় সামনের দিনেও এমন পরিবেশ বজায় রাখা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশজুড়ে এবার সর্বোচ্চসংখ্যক পূজামণ্ডপ হয়েছে। চলতি ২০২৬ সালে মোট ৩৩ হাজার ৮৫১টি পূজামণ্ডপ হয়েছে। তিনি বলেন, সরকার আগে সর্বোচ্চ ৪ কোটি টাকা বরাদ্দ দিত; এবার তা বাড়িয়ে ৫ কোটি টাকা করা হয়েছে। এ ছাড়া এবার পূজায় ৫ দিন ছুটি ছিল। পূজামণ্ডপে চালের বরাদ্দও বাড়িয়ে ৬০০ কেজি করা হয়েছে বলে জানান মন্ত্রী।