সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬

সিলেট টেস্টে বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য ৩৬৯, ৩৯৮ রানে ইনিংস ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

পঞ্চম দিন সকালে কাভেম হজ ১৪২ রানে আউট হওয়ার পর ৬ উইকেটে ৩৯৮ রানে ইনিংস ঘোষণা করে সফরকারীরা।

সিলেট টেস্টের শেষ দিনে বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য দাঁড়াল ৩৬৯ রান। পঞ্চম দিন সকালে ৬ উইকেট হারিয়ে ৩৯৮ রানে ইনিংস ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ।

চতুর্থ দিন শেষে ৩ উইকেটে ৩৪৫ রান নিয়ে ৩১৫ রানের লিডে থেকে পঞ্চম দিনের খেলা শুরু করে সফরকারীরা; লড়াইয়ের নিয়ন্ত্রণ তখন ছিল তাদের হাতেই। সকালেই প্রথম ধাক্কা দেন স্পিনার নাঈম হাসান। সেঞ্চুরিয়ান কাভেম হজকে ১৯৪ বলে ১৪২ রানে ফেরান তিনি।

এরপর মেহেদী হাসান মিরাজ এলবিডব্লিউর ফাঁদে ফেলেন জাস্টিন গ্রিভসকে। দলীয় ৩৭২ রানের মাথায় নাঈম হাসানের বলে ফেরেন শামার জোসেফ, তাঁর সংগ্রহ ৩ বলে ১। এরপর নেমে ১১ বলে ২০ রান করেন জসুয়া বিশপ। আমির জাঙ্গু ৩৯ রানে অপরাজিত থাকেন। ইনিংস ঘোষণা করা হয় ৩৯৮ রানে।

বাংলাদেশের বোলারদের মধ্যে তাইজুল ইসলাম, নাঈম হাসান ও মেহেদী হাসান মিরাজ উইকেট নেন দুটি করে। ৩৬৯ রানের লক্ষ্য সামনে রেখে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ।