বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলা: দ্রুত আইনি পদক্ষেপের নির্দেশ স্পিকারের

সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ বিষয়টি তোলার পর স্পিকার একজন সংসদ সদস্যের বাড়িতে হামলাকে গুরুতর ও স্পর্শকাতর বলে উল্লেখ করেছেন।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বৃহস্পতিবার সংসদ অধিবেশনে তিনি এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

এর আগে অধিবেশনে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে ঘটনাটি তুলে ধরেন। তিনি জানান, কুষ্টিয়ার দৌলতপুরে সংসদ সদস্যের বাড়িতে বুধবার রাতে পেট্রোল বোমা মেরে আগুন দেওয়া হয়েছে। তদন্তের আগেই স্থানীয় থানার ওসির করা মন্তব্য নিয়ে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং সংসদ সদস্য ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

অধিবেশনের শুরুতে নাহিদ ইসলাম কথা বলতে দাঁড়ালে স্পিকার তাঁকে প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে অনুরোধ করেছিলেন। পরে বিষয়টির গুরুত্ব ও জরুরি অবস্থা বিবেচনায় তিনি তাৎক্ষণিকভাবে বিরোধীদলীয় চিফ হুইপকে বক্তব্য দেওয়ার সুযোগ দেন।

স্পিকারের নির্দেশনা

বক্তব্য শেষে রুলিং ও নির্দেশনা দিতে গিয়ে স্পিকার বলেন, একজন সংসদ সদস্যের বাড়িতে আক্রমণ অত্যন্ত গুরুতর ও স্পর্শকাতর ঘটনা এবং এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। তিনি অধিবেশন কক্ষে উপস্থিত সরকারি দল (ট্রেজারি বেঞ্চ) ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের চিহ্নিত করে দ্রুত প্রয়োজনীয় আইনি পদক্ষেপ ও যথাযথ প্রতিবিধান নিশ্চিত করতে হবে।