সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

শ্রীপুরে মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে বাবা নিহত, অভিযুক্ত পলাতক

গাজীপুরের শ্রীপুরের সাইটালিয়া গ্রামে গভীর রাতে পারিবারিক ঝগড়া থামাতে গিয়ে প্রাণ হারান আবদুস সামাদ (৬০); অভিযুক্ত ছেলেকে ধরতে অভিযান চলছে।

গাজীপুরের শ্রীপুর উপজেলার সাইটালিয়া গ্রামের বন্নাভিটা এলাকায় ছেলের লাঠির আঘাতে বাবা আবদুস সামাদ (৬০) নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। অভিযুক্ত তাঁর একমাত্র ছেলে আনোয়ার হোসেন (৩৫) পলাতক।

স্বজনদের ভাষ্য অনুযায়ী, রাতে নেশাগ্রস্ত অবস্থায় স্ত্রীর সঙ্গে ঝগড়ায় জড়ান আনোয়ার। ঝগড়া থামাতে এগিয়ে গেলে ক্ষিপ্ত হয়ে তিনি বাবার দিকে তেড়ে যান। প্রাণভয়ে সামাদ প্রতিবেশী মো. শহীদের বাড়িতে আশ্রয় নেন। সেখানে গিয়ে আনোয়ার লাঠি দিয়ে বাবাকে উপর্যুপরি আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্বজনেরা তাঁকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

স্বজন ও প্রতিবেশীরা জানান, আনোয়ার দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং সম্প্রতি মাদক ব্যবসায়ও জড়িয়ে পড়েছিলেন। তাঁকে নেশা থেকে ফেরাতে সৌদি আরবে পাঠানো হয়েছিল, কিন্তু দেড় মাসের মধ্যেই তিনি দেশে ফিরে আসেন। দুবার মাদকাসক্তি নিরাময় কেন্দ্রেও পাঠানো হয়। স্বজনদের ভাষ্য, একবার মাদক মামলায় তিনি জেলও খেটেছেন। তাঁরা আরও অভিযোগ করেন, তিন বছর আগে আনোয়ার মারধর করে মায়ের হাত ভেঙে দিয়েছিলেন। তিনি কোনো কাজ করতেন না; তিন সন্তানসহ সংসারের দায়িত্ব বাবাই পালন করতেন। প্রায় ১৮ বছর সৌদি আরবে থাকা সামাদ ১০ বছর আগে দেশে ফিরে পিকআপ কিনে নিজেই চালাতেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, পলাতক আনোয়ার হোসেনকে গ্রেপ্তারে অভিযান চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।