যশোরের বেনাপোল স্থলবন্দরে মিথ্যা ঘোষণা দিয়ে শুল্ক ফাঁকি ও গোপনে পাচারের চেষ্টার অভিযোগে ২৫ টন কেমিক্যাল পণ্যের একটি চালান আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। বুধবার রাতে বন্দরের ৯ নম্বর শেড থেকে ট্রাকে করে পণ্য বের করে নেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চালানটি জব্দ করা হয়।
কাস্টমস সূত্র জানায়, আমদানির কাগজপত্রে পণ্যটির ঘোষণা দেওয়া হয়েছে ট্যালকম পাউডার। চালানটি গত ৮ নভেম্বর বেনাপোল বন্দরে প্রবেশ করে। কিন্তু কাস্টমসের যথাযথ মূল্যায়ন ও এন্ট্রি সম্পন্ন না করেই ওই দিনই বাংলাদেশি একটি ট্রাকে পণ্য তুলে বের করে নেওয়ার প্রস্তুতি চলছিল। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় কর্মকর্তারা অভিযান চালান।
বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার মো. বায়জিদ হোসেন বলেন, গোপন সংবাদে তাঁরা জানতে পারেন, ৯ নম্বর শেডে একটি চালান নামানোর পর একই দিন আবার ট্রাকে তুলে বের করে নেওয়া হচ্ছে। শেডে গিয়ে আমদানির কাগজপত্র যাচাই করে দেখা যায়, ৮ নভেম্বর আসা একটি চালানের বিপরীতে গেট পাস দেখিয়ে অন্য পণ্যের চালান বের করে নেওয়ার চেষ্টা চলছিল।
তিনি আরও বলেন, কাগজে ট্যালকম পাউডার লেখা থাকলেও পরীক্ষাগারের প্রতিবেদন ছাড়া প্রকৃত পণ্য শনাক্ত করা সম্ভব নয়। তাই চালানটি জব্দ করে পরীক্ষাগারে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রতিবেদন পাওয়ার পর পণ্যের আসল পরিচয় ও সম্ভাব্য রাজস্ব ফাঁকির পরিমাণ নির্ধারণ করা হবে। পণ্যের পরিচয় নিশ্চিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হবে।
কাস্টমস কর্মকর্তাদের প্রাথমিক ধারণা, ট্যালকম পাউডারের ঘোষণার আড়ালে অন্য কোনো মূল্যবান কেমিক্যাল এনে বিপুল শুল্ক-কর ফাঁকির চেষ্টা হয়ে থাকতে পারে। চালানটির আমদানিকারক ঢাকার একটি প্রতিষ্ঠান। পণ্য বের করে নেওয়ার চেষ্টায় একটি সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে।
বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক রুহুল আমিন জানান, জব্দ করা চালান বর্তমানে বন্দরের নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। বন্দরের পক্ষ থেকেও ঘটনার তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।