চট্টগ্রামের মিরসরাইয়ে একটি মার্কেটে আগুন লেগে সাতটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। ব্যবসায়ীদের হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা।
গত বৃহস্পতিবার রাতে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের মার্কেটে এ অগ্নিকাণ্ড ঘটে। পুড়ে যাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে খাবার হোটেল, মুদি দোকান, সেলুন ও চায়ের দোকান।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে একটি খাবার হোটেলে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বারইয়ারহাট ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ জয়নাল আবেদীন তিতাস বলেন, রাত সাড়ে ১১টার দিকে মহাসড়কের পাশে একটি মার্কেটে আগুন লাগার খবর পেয়ে তাঁদের তিনটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলছেন, দোকানের মালামাল ও আসবাব পুড়ে যাওয়ায় তাঁরা বড় ক্ষতির মুখে পড়েছেন। আগুনের সঠিক কারণ নিয়ে ফায়ার সার্ভিসের কোনো তদন্ত প্রতিবেদন এখনো জানা যায়নি; বৈদ্যুতিক শর্টসার্কিটের তথ্যটি প্রত্যক্ষদর্শীদের।