মহেশখালীতে নতুন একটি ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বসানোর প্রস্তাব আজ বৃহস্পতিবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে অনুমোদনের জন্য উঠছে। জ্বালানি মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, চীনের সহায়তায় প্রায় ১৩ হাজার কোটি টাকা ব্যয়ে এই টার্মিনাল স্থাপনের পরিকল্পনা করা হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড সরকার-টু-সরকার (জি-টু-জি) পদ্ধতিতে টার্মিনালটি নির্মাণ করবে। মন্ত্রণালয়ের দরকষাকষি কমিটি ২০১৬ সালে নির্মিত এক লাখ ৭৪ হাজার ঘনমিটার ধারণক্ষমতার একটি জাহাজ এবং ১৫ বছরের বিল্ড-অন-অপারেট চুক্তির সুপারিশ করেছে।
মন্ত্রিসভা কমিটির সামনে দুটি বিকল্প রাখা হয়েছে। ১৫ বছর মেয়াদে দৈনিক ফি ৩ লাখ ৪২ হাজার ডলার, মোট ফি ১ হাজার ৮৭২ দশমিক ৪৫ মিলিয়ন ডলার, যা প্রায় ২৩ হাজার ৩১ কোটি টাকার সমান। ২০ বছর মেয়াদে দৈনিক ফি ৩ লাখ ২৯ হাজার ডলার, মোট ফি ২ হাজার ৪০১ দশমিক ৭০ মিলিয়ন ডলার, প্রায় ২৯ হাজার ৫৪১ কোটি টাকা। ডলারের দর ধরা হয়েছে ১২৩ টাকা। দীর্ঘ মেয়াদে দৈনিক ফি প্রায় ৩ দশমিক ৮ শতাংশ কম হলেও মোট দায় বাড়ে প্রায় ৬ হাজার ৫১০ কোটি টাকা।
মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, নতুন টার্মিনালের ফি বিদ্যমান দুটির চেয়ে বেশি। কতটা বেশি, তা তারা প্রকাশ করেনি। গত মাসেও প্রস্তাবটি উঠেছিল; তখন দেখা গিয়েছিল ফি আগের দুটির চেয়ে ৩৪ শতাংশ বেশি, আর মন্ত্রিসভা কমিটি তা অনুমোদন না করে ফেরত পাঠায়। ফি বেশি হওয়ার ব্যাখ্যায় মন্ত্রণালয় বলেছে, মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে বৈশ্বিক এলএনজি বাজারে অনিশ্চয়তা, ভাসমান টার্মিনালের বিশ্বব্যাপী চাহিদা বৃদ্ধি, নির্মাণসামগ্রীর দামবৃদ্ধি এবং ১৮ থেকে ২৪ মাসের মধ্যে স্থাপনের সময়সীমা এর কারণ।
পাল্টা সুবিধা হিসেবে মন্ত্রণালয় বলছে, বর্তমানের দুটি টার্মিনালের ধারণক্ষমতা এক লাখ ৩৮ হাজার ঘনমিটার, আর প্রস্তাবিত জাহাজের এক লাখ ৭৪ হাজার। বড় কার্গো নেওয়া যাবে বলে আমদানি ব্যয় কিছুটা কমতে পারে এবং রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ থাকার সময়ও কম হবে বলে দাবি করা হয়েছে।
মহেশখালীতে এখন দুটি ভাসমান টার্মিনাল চালু আছে। একটি মার্কিন প্রতিষ্ঠান এক্সিলারেটের, অন্যটি দেশীয় প্রতিষ্ঠান সামিটের। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, কেবল এই দুটির ওপর নির্ভরতার কারণে সামুদ্রিক দুর্যোগ বা কারিগরি ত্রুটিতে জাতীয় গ্রিডে প্রায় ২০ শতাংশ গ্যাসের ঘাটতি দেখা দেয়। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, শিল্পায়ন ও বিনিয়োগ বাড়লে গ্যাসের চাহিদা আরও বাড়বে এবং বর্তমান অবকাঠামোয় তা মেটানো কঠিন হবে।