শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

আট বছর পর বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন আজ, ভোট দেবেন প্রায় ১ লাখ ৪৫ হাজার শ্রমিক

শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পাঁচ জেলার ২০ উপজেলার ২৩০টি চা-বাগান ও কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ হবে।

দীর্ঘ আট বছরের অপেক্ষার পর আজ শনিবার (২৮ নভেম্বর) বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নতুন নেতৃত্ব বেছে নিতে সারা দেশের চা-বাগানের লক্ষাধিক শ্রমিক ভোটকেন্দ্রে যাবেন। নির্বাচন-সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, পাঁচটি জেলার ২০টি উপজেলার ২৩০টি চা-বাগান ও কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একযোগে ভোটগ্রহণ চলবে।

এই নির্বাচনে প্রায় ১ লাখ ৪৫ হাজার ভোটার ভোট দেবেন। ৩০ সদস্যের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদসহ সাতটি ভ্যালি এবং বাগানভিত্তিক পঞ্চায়েত পর্যায়ে ৬০০-এর বেশি প্যানেলে প্রায় ৭ হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে স্থানীয় প্রশাসন প্রস্তুতি নিয়েছে এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

গত ১৫ নভেম্বর প্রতীক বরাদ্দের পর থেকেই চা-বাগান, কারখানা ও শ্রমিক লাইনে উঠান বৈঠক, সভা ও মিছিলের মাধ্যমে প্রচারণা চলেছে। প্রার্থীরা বাগানে বাগানে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেছেন এবং নিজেদের নির্বাচনী ইশতেহার তুলে ধরেছেন। নির্বাচনকে ঘিরে বাগানগুলোতে পরিবর্তনের আভাস মিলছে বলে সংশ্লিষ্টরা জানান।

তবে প্রচারণার উৎসবের মধ্যেও সাধারণ ভোটারদের একটি অংশ ক্ষোভ জানিয়েছেন। তাঁদের অভিযোগ, শ্রমিকদের মূল দাবি ও অধিকার নিয়ে কথা বলার চেয়ে প্রার্থীরা একে অপরকে রাজনৈতিক ‘ট্যাগ’ দেওয়ার প্রবণতায় বেশি মনোযোগ দিয়েছেন।