গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী-সমর্থকেরা থানা ঘেরাও করে এ ঘটনা ঘটান বলে পুলিশ ও স্থানীয় সাংবাদিকেরা জানিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সাংবাদিকদের বরাতে জানা গেছে, গত ১০ ও ১৫ নভেম্বর গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় অভিযুক্ত আওয়ামী লীগ ও ছাত্রলীগের কয়েকজনকে মঙ্গলবার দিনের বেলা গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের ছাড়িয়ে নিতে সন্ধ্যায় স্থানীয় নেতা-কর্মীরা থানা ঘেরাও করেন। পুলিশ আটক ব্যক্তিদের ছাড়তে রাজি না হলে একপর্যায়ে থানায় হামলা চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে; স্থানীয় সাংবাদিকদের খবর অনুযায়ী এতে হামলাকারীদের অন্তত দুজন আহত হয়েছেন। এরপর আবার হামলা চালিয়ে থানা ও একটি পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়।
জেলা পুলিশের একজন কর্মকর্তা থানায় আগুন দেওয়া ও আসামি ছিনিয়ে নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবিসহ অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাঠানো হচ্ছে। থানা থেকে অস্ত্র লুটের খবরও পাওয়া যাচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে, তবে এ বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এ ব্যাপারে মন্তব্যের জন্য পুলিশ সুপার ও থানার ওসির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁদের পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও বিএনপির একাধিক সূত্র জানায়, থানায় আগুনের পর গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর বাড়িতেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। বাড়িটি থানা থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে বাড়ির বিভিন্ন অংশে আগুন জ্বলতে এবং লাঠিসোঁটা হাতে একদল যুবককে ভাঙচুর করতে দেখা যায়; কয়েকজনকে “জয় বাংলা” স্লোগান দিতেও শোনা যায়। গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান রাত ১০টার পর বলেন, বিভিন্ন মাধ্যমে তিনি শুনেছেন যে সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এস এম জিলানীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
একই রাতে গাজীপুর মহানগরের জোড়পুকুর এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের একটি পুরোনো টিনশেড বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রাত পৌনে ৯টার দিকে আগুন জ্বলতে দেখা যায়। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সাইদুল আলম চৌধুরী জানান, দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, কে বা কারা আগুন দিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি; ঘটনার তদন্ত চলছে। মোজাম্মেল হক ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পলাতক আছেন বলে জানা গেছে।