বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

মুন্সিগঞ্জের মোল্লাকান্দিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ও গুলিতে একজন নিহত, আহত শিশুসহ কয়েকজন

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে মুন্সিগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে বৃহস্পতিবার সকালে সেলিম মোল্লা নামে একজন নিহত হয়েছেন।

মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে চরডুমুরিয়া ও সামারচর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম সেলিম মোল্লা। হাসপাতাল সূত্রে তাঁর বয়স ৪৫ থেকে ৪৬ বছর বলে জানা গেছে। তিনি মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আতাউর রহমান জানান, সকাল সোয়া ৯টার দিকে সেলিমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁর ডান হাত ক্ষতবিক্ষত ছিল। গুলিবিদ্ধসহ আরও দুজন হাসপাতালে এলে উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকায় পাঠানো হয়।

সংঘর্ষে গুলিবিদ্ধ একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি নিহত সেলিমের খালাতো ভাই সবুজ মোল্লা (২৮)। এ ছাড়া আবদুর রহমান নামে চার বছর বয়সী এক শিশু গুরুতর আহত হয়েছে।

স্থানীয় সূত্র ও নিহতের স্বজনদের বরাতে জানা গেছে, সকালে রহিম মোল্লার লোকজন চরডুমুরিয়া গ্রামে এসে অতর্কিতে হামলা চালান। পরে আওলাদ হোসেনের লোকজন পাল্টা হামলা করেন। একপর্যায়ে আশপাশের কয়েকটি গ্রামের মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। রহিম মোল্লার পক্ষের কাউকে এ বিষয়ে পাওয়া যায়নি; তাঁর মুঠোফোনে একাধিকবার কল করেও সাড়া মেলেনি।

বিএনপির একাধিক সূত্র জানায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক পক্ষে আওলাদ হোসেন এবং অপর পক্ষে রহিম মোল্লা চেয়ারম্যান পদে প্রার্থী হবেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কয়েক মাস ধরে দ্বন্দ্ব চলছে। স্থানীয়রা বলছেন, যখন যে দল ক্ষমতায় থাকে, ইউনিয়নটিতে সেই দলের নেতারা আধিপত্য নিয়ে দুই ভাগ হয়ে সংঘর্ষে জড়ান।

এর আগে ১২ নভেম্বরও দুই পক্ষ অস্ত্র ও ককটেল নিয়ে দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছিল। সেদিন চারজন গুলিবিদ্ধসহ উভয় পক্ষের ১০ জন আহত হয়েছিলেন।

মুন্সিগঞ্জ সদর থানার ওসি তছলিম উদ্দিন জানান, এলাকার নিয়ন্ত্রণ নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।