বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ; ১১ কারখানায় ছুটি, অধিকাংশে উৎপাদন স্বাভাবিক

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে মঙ্গলবার গাজীপুরের কয়েকটি কারখানার শ্রমিকেরা কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন।

গাজীপুরের শিল্পাঞ্চলে মঙ্গলবারও বিক্ষিপ্তভাবে শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটেছে। ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে কয়েকটি কারখানার শ্রমিকেরা কর্মবিরতি ও বিক্ষোভের চেষ্টা চালান। একপর্যায়ে নাওজোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন একটি কারখানার শ্রমিকেরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে নাওজোড়, ইটাহাটা, চান্দনা চৌরাস্তা ও ভোগড়া বাইপাস এলাকার ১১টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। তবে শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় উৎপাদন স্বাভাবিক ছিল।

শিল্প পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকাল ৮টা থেকে গাজীপুরের অধিকাংশ তৈরি পোশাক কারখানায় উৎপাদন শুরু হয়। কোনাবাড়ী এলাকার রিপন নিটওয়্যার লিমিটেড ও কাশিমপুরের মন্ডল গ্রুপের শ্রমিকদের একটি অংশ বিক্ষিপ্তভাবে জড়ো হয়ে বিক্ষোভের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের ছত্রভঙ্গ করে দেন।

সকাল সাড়ে ১০টার দিকে ইসলামপুর এলাকার নর্প ইন্ডাস্ট্রির শ্রমিকেরা ৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবিতে আন্দোলন শুরু করেন। কর্তৃপক্ষ কারখানায় ছুটি ঘোষণা করলে শ্রমিকেরা বেরিয়ে এসে নাওজোড় এলাকায় মহাসড়কে অবস্থান নেন এবং কিছু সময়ের জন্য তা অবরোধ করেন। তাঁরা আশপাশের কারখানার শ্রমিকদের আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান। ছুটির পর অধিকাংশ শ্রমিক বাড়ি ফিরে গেলেও আন্দোলনকারীদের একটি অংশ মহাসড়কে অবস্থান অব্যাহত রাখে। পরে তাঁরা নাওজোড় থেকে মিছিল নিয়ে ভোগড়া বাইপাস এলাকায় গিয়ে অবস্থান নেন।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, সকাল থেকে শিল্পাঞ্চলের পরিবেশ স্বাভাবিক ছিল; কয়েকটি স্থানে শ্রমিক বিক্ষোভের কারণে অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশের পাশাপাশি থানা পুলিশ, বিজিবি, এসআরবি, আনসার ও গোয়েন্দা সংস্থার সদস্যরা মাঠে ছিলেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ১৩ প্লাটুন বিজিবি ও ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এর আগে সাম্প্রতিক শ্রমিক অসন্তোষ, সড়ক অবরোধ ও সংঘর্ষের পর মজুরি বোর্ডের সুপারিশে মালিক-শ্রমিকের সম্মতির ঘোষণায় অধিকাংশ শ্রমিক কাজে ফিরেছিলেন।