শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে চলন্ত ব্যাটারিচালিত অটোরিকশা থেকে ককটেল বিস্ফোরণ, হতাহত নেই

বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটের দিকে দুর্বৃত্তরা অটোরিকশার ভেতর থেকে ককটেল ছুড়ে মারে বলে মতিঝিল থানার পুলিশ জানিয়েছে।

রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে একটি চলন্ত ব্যাটারিচালিত অটোরিকশা থেকে ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি।

মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) দেবব্রত রাত পৌনে ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাত ৯টা ২০ মিনিটের দিকে দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান।

এসআই দেবব্রত বলেন, ‘আমাদের পুলিশের একাধিক টিম এ ঘটনায় কাজ করছে। ককটেল বিস্ফোরণের ঘটনায় কেউ আহত বা হতাহতের সংবাদ পাওয়া যায়নি।’ কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে, তাদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছে বলেও তিনি জানান।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, দুর্বৃত্তরা একটি ব্যাটারিচালিত অটোরিকশার ভেতর থেকে ককটেল নিক্ষেপ করে। সেটি বাংলাদেশ ব্যাংকের সামনের সড়কে বিস্ফোরিত হয়। ঘটনার সময় দুর্বৃত্তরা অটোরিকশার ভেতরেই ছিল।

সাম্প্রতিক দিনগুলোতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের একাধিক ঘটনা ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং যশোরে আদালতপাড়াসহ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের খবর গণমাধ্যমে এসেছে। মতিঝিলের এ ঘটনায় কোনো গোষ্ঠীর নাম পুলিশ এখনো প্রকাশ করেনি; তদন্ত চলছে এবং ঘটনাস্থলের আশপাশের তথ্য সংগ্রহ করা হচ্ছে।