শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

দুই দিন নিখোঁজ থাকার পর কুয়াকাটা থেকে উদ্ধার বরিশালের সহকারী জজ শেখ ফারহান নাদিম

গত মঙ্গলবার সন্ধ্যায় আদালত থেকে বের হওয়ার পর নিখোঁজ হওয়া বরিশালের সিনিয়র সহকারী সিভিল জজ শেখ ফারহান নাদিমকে বৃহস্পতিবার পটুয়াখালীর কুয়াকাটা থেকে উদ্ধার করেছে পুলিশ।

বরিশালে দুই দিন নিখোঁজ থাকার পর সিনিয়র সহকারী সিভিল জজ শেখ ফারহান নাদিমকে পটুয়াখালীর কুয়াকাটা থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তাঁকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার।

শেখ ফারহান নাদিম বরিশালের মেহেন্দিগঞ্জ ও উজিরপুর আদালতের সিনিয়র সহকারী সিভিল জজ হিসেবে দায়িত্ব পালন করছেন। গত মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় আদালত থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন।

পুলিশ সূত্রে জানা গেছে, নিখোঁজ হওয়ার দিন রাত ১০টার দিকে বরিশাল নগরের বাংলাবাজার এলাকার একটি সিসিটিভি ক্যামেরায় তাঁকে সর্বশেষ দেখা যায়। এরপর থেকে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় বুধবার (১৮ নভেম্বর) বিকেলে আদালতের নাজির সৈয়দ মাইনুল হোসেন কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

বিচারকের সন্ধানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ একটি বিশেষ দল গঠন করে অনুসন্ধান শুরু করে। অনুসন্ধানে পুলিশ জানতে পারে, নিখোঁজ হওয়ার দিন তিনি একটি ব্যাংক থেকে পাঁচ হাজার টাকা তুলেছিলেন। এরপর রিকশায় করে গন্তব্যের উদ্দেশে রওনা হন। নগরীর আলেকান্দা-আমতলা এলাকায় তাঁর সর্বশেষ অবস্থানের তথ্য পাওয়া যায়।

তবে কী কারণে তিনি নিখোঁজ হয়েছিলেন, কীভাবে কুয়াকাটায় পৌঁছেছেন এবং নিখোঁজ থাকার দুই দিন কোথায় ছিলেন, সে বিষয়ে পুলিশ এখনো বিস্তারিত তথ্য জানায়নি।