কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর রেদোয়ান হোসেন রিফাত (৩৬) নামে এক এজেন্ট ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার উপজেলার বারপাড়া ইউনিয়নের শিবপুর মধ্যমপাড়া এলাকায় সৈয়দুজ্জামানের বাড়ির পাশের একটি পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত রেদোয়ান হোসেন রিফাত বারপাড়া ইউনিয়নের শিবপুর মৈশান বাড়ির বাসিন্দা এবং সাবেক ব্যাংকার দেলোয়ার হোসেনের ছেলে। তিনি স্থানীয় লালমাই বাজারে একটি ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় এক কিশোর গ্যাং নেতা ও চাঁদাবাজ রিফাতের কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে মারধর করা হয় এবং তাঁর ব্যবহৃত মুঠোফোন ভেঙে ফেলা হয় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনার পর থেকেই রিফাত নিখোঁজ ছিলেন। ছেলের সন্ধান না পেয়ে বাবা দেলোয়ার হোসেন সদর দক্ষিণ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
শুক্রবার স্থানীয়রা পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ছেলেকে হারিয়ে শোকে ভেঙে পড়া বাবা সাংবাদিকদের বলেন, যাঁরা তাঁর ছেলেকে হত্যা করেছে, তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, পুকুর থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। এর সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।