পুলিশের সাবেক অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) প্রলয় কুমার জোয়ারদারসহ ছয় কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে একজন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় প্রলয় কুমারকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এত দিন তিনি সাময়িক বরখাস্ত অবস্থায় ছিলেন। প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৪ সালের ১৫ আগস্টের মধ্যে কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দেওয়া হলেও তিনি যোগ দেননি। তাঁর স্থায়ী ঠিকানা ও ই-মেইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি, যা সরকারি দায়িত্ব পালনে চরম অবহেলার শামিল বলে উল্লেখ করা হয়েছে।
পরে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা ও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। সব আইনি প্রক্রিয়া শেষে ‘পলায়ন’ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় মন্ত্রণালয় তাঁকে বরখাস্তের সিদ্ধান্ত নেয়। পলায়নের তারিখ, অর্থাৎ ২০২৪ সালের ৬ আগস্ট থেকেই এ আদেশ কার্যকর ধরা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিতি (পলায়ন), বিভাগীয় শৃঙ্খলা ভঙ্গ ও অসদাচরণের অভিযোগে মোট ছয়জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত এবং একজনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। অন্য পাঁচজনের মধ্যে রয়েছেন ডিএমপির সাবেক উপকমিশনার নাজমুল ইসলাম, রংপুরে সিআইডিতে কর্মরত সাবেক সহকারী পুলিশ সুপার সারোয়ার কবীর সোহাগ, ময়মনসিংহের মুক্তাগাছায় এপিবিএনে কর্মরত সহকারী পুলিশ সুপার মো. আরিফুজ্জামান এবং গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার এস এম শামীম।
বাধ্যতামূলক অবসরে পাঠানো মোহাম্মদ ওবায়দুর রহমান সম্পর্কে প্রজ্ঞাপনে বলা হয়, তিনি ২০১৬ সাল থেকে প্রায়ই কর্মস্থলে অনুপস্থিত থাকতেন এবং মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া দিতেন না। দীর্ঘ অননুমোদিত অনুপস্থিতির কারণে বিভাগীয় তদন্ত শেষে তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
সারোয়ার কবীর সোহাগের বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়, সিআইডিতে কর্মরত থাকাকালে তিনি অনুমতি ছাড়া কর্মস্থলের বাইরে গিয়ে দিনাজপুরের চিরিরবন্দরে এক ব্যবসায়ীর বাড়িতে অবৈধভাবে প্রবেশ করেন। সেখানে লোকজনকে আটকে মারধর ও টাকা দাবির অভিযোগে চিরিরবন্দর থানায় তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়। পরে বিভাগীয় তদন্তেও তাঁর বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ প্রমাণিত হয় বলে প্রজ্ঞাপনে উল্লেখ আছে।