রাজশাহীর গোদাগাড়ীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা বিএনপি আলাদা আলাদা কর্মসূচি পালন করেছে। সকালে প্রশাসনের উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বিকেলে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা করে বিএনপি।
সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহানের সভাপতিত্বে আলোচনা সভা হয়। সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি), উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক সাইদুর রহমান, গোদাগাড়ী মডেল থানার কর্মকর্তা এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। বক্তারা দিবসটির ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে জাতীয় ঐক্য, গণতান্ত্রিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
বিকেল সাড়ে ৩টায় ডাইংপাড়ায় উপজেলা বিএনপির কার্যালয় থেকে গোদাগাড়ী ও কাকনহাট পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আরেকটি র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়কগুলো ঘুরে আবার কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা হয়। উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়ালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও নেসকোর সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দীন।
প্রধান অতিথি বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। তিনি দিবসটির ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশ ও গণতন্ত্রের স্বার্থে কাজ করার আহ্বান জানান। বিশেষ অতিথি ছিলেন গোদাগাড়ী পৌরসভার সাবেক মেয়র আনোয়ারুল ইসলাম চৌধুরী, গোদাগাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া রুলুসহ স্থানীয় নেতারা। যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের তৃণমূলের বিপুলসংখ্যক নেতা-কর্মী কর্মসূচিতে অংশ নেন। সভায় বক্তারা গণতান্ত্রিক মূল্যবোধ, জাতীয় ঐক্য ও সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন।