সুনামগঞ্জে নারী বাউলশিল্পীদের গান গাইতে বাধা দেওয়ার প্রতিবাদে রাজধানীর ধানমন্ডিতে সংস্কৃতিকর্মীদের ডাকা মানববন্ধন কর্মসূচি পুলিশের বাধায় করা যায়নি। সোমবার বিকেলে ধানমন্ডি ২৭ নম্বরে মীনা বাজারের সামনে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে আটক করা হয়। রাত ৯টার দিকে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।
আয়োজকদের ভাষ্য, ‘প্রতিবাদী শিল্পী জনতা’র ব্যানারে ডাকা এই কর্মসূচির উদ্দেশ্য ছিল দেশের নানা স্থানে বাউলগানসহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে হামলা ও বাধার প্রতিবাদ জানানো। বেলা সাড়ে তিনটা থেকেই ওই এলাকায় শতাধিক পুলিশ সদস্য অবস্থান নেন। বিকেল চারটার দিকে কয়েকজন সংস্কৃতিকর্মী জড়ো হলে নাট্যকর্মী সুমনা ইসলাম পুলিশের কাছে জানতে চান, সেখানে মানববন্ধন করা যাবে কি না।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, কথোপকথনের একপর্যায়ে পুলিশকে বলতে শোনা যায়, ওপর থেকে কিছু নির্দেশনা আছে এবং মানববন্ধনকারীরা যেন উসকানিমূলক কোনো কথা বা স্লোগান না দেন। পুলিশ কর্মকর্তারা আরও বলেন, কিছুদিন আগে ওই স্থানে একদল মানুষ মানববন্ধন করে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছিলেন। জবাবে দীপক শীল বলেন, ‘জয় বাংলা স্লোগান কি নষ্ট হয়ে গেছে নাকি? আমরা জুলাই অভ্যুত্থানের সময়ও তো এই স্লোগান দিয়েছি।’ এরপর পুলিশ তাঁর পরিচয় জানতে চায়, কথা-কাটাকাটি হয় এবং তাঁকে আটক করে গাড়িতে তোলা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ ইবনে মিজান বলেন, ‘আমরা তাঁদের উসকানিমূলক স্লোগান ও কথা বলতে নিষেধ করলে তাঁরা পাল্টা প্রশ্ন করেন, জয় বাংলা স্লোগান নষ্ট হয়ে গেছে কি না। বাগ্বিতণ্ডার একপর্যায়ে একজনকে প্রাথমিকভাবে আটক করা হয়।’ সুমনা ইসলামের অভিযোগ, দীপক শীলকে টেনেহিঁচড়ে গাড়িতে তোলার সময় তাঁকে আটকাতে গেলে পুলিশ তাঁর সঙ্গেও ধস্তাধস্তি করেছে; কোনো কারণ ছাড়াই দীপক শীলকে আটক করা হয়েছে বলেও তিনি দাবি করেন।
আটকের পর বিকেল ৪টা ২০ মিনিটের দিকে সংস্কৃতিকর্মীরা দাঁড়িয়ে ‘সংস্কৃতির ওপর হামলা, ঘুরে দাঁড়াও বাংলা’, ‘মৌলবাদীদের ঠিকানা, এই বাংলায় হবে না’ প্রভৃতি স্লোগান দেন এবং সাড়ে চারটার দিকে এলাকা ছেড়ে যান। আয়োজকদের একজন ফারুক এইচ খান বলেন, এ ধরনের অবস্থান কর্মসূচিও যদি কেউ সহ্য করতে না পারে, তাহলে তাঁদের করার কিছু নেই; সারা দেশেই বাউল ও বাঙালি সংস্কৃতির ওপর আক্রমণ চলছে। যুব ইউনিয়নের সভাপতি খান আসাদুজ্জামান মাসুম জানান, রাত ৯টার দিকে মোহাম্মদপুর থানা থেকে দীপক শীলকে ছেড়ে দেওয়া হয়েছে।