বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

কুমিল্লার বুড়িচংয়ে ডিবি পুলিশ পরিচয়ে যানবাহনে তল্লাশি: তিন যুবককে আটক করে পুলিশে দিল জনতা

চড়ানল এলাকায় কুমিল্লা–বাগড়া সড়কে তাঁদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়রা ঘিরে ধরেন; ওসি বললেন, আটক তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কুমিল্লার বুড়িচংয়ে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানোর অভিযোগে তিন যুবককে ভুয়া ডিবি পুলিশ সন্দেহে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। বুধবার রাত ১১টার দিকে বুড়িচং থানার ওসি লুৎফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, একই দিন দুপুরে উপজেলার রাজাপুর ইউনিয়নের চড়ানল এলাকায় কুমিল্লা–বাগড়া সড়কে ঘটনাটি ঘটে। আটক তিনজন হলেন বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের মীরপুর উত্তরপাড়ার মৃত রুহুল আমিনের ছেলে মো. সাদ্দাম হোসেন রিয়াজ (২৩), রাজাপুর ইউনিয়নের মসজিদপাড়ার আলমগীর হোসেনের ছেলে মো. ফাহিম হোসেন ওরফে সাইম (১৯) এবং একই এলাকার মো. আবুল হোসেনের ছেলে মো. এনামুল হাসান (১৯)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই তিন যুবক চড়ানল এলাকায় কুমিল্লা–বাগড়া সড়কে ডিবি পুলিশ পরিচয়ে বিভিন্ন পরিবহনে তল্লাশি চালাচ্ছিলেন। তাঁদের আচরণ ও তল্লাশির ধরন সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাঁদের ঘিরে ধরে আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তাঁদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দা ইব্রাহিম বলেন, তিন যুবকের তল্লাশির ধরন ও শারীরিক গঠন দেখে স্থানীয়দের সন্দেহ হয়েছিল। এরপর তাঁরা তাঁদের আটক করে পুলিশকে খবর দেন।

ওসি লুৎফুর রহমান জানান, এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।