দেশের ৩৮ হাজার ৯৫০ জন আখচাষির মধ্যে আখের মূল্য ও প্রণোদনার অর্থ পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশন (বিএসএফআইসি)। করপোরেশনের ভাষ্য, সরকারের এই উদ্যোগের লক্ষ্য প্রান্তিক আখচাষিদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করা এবং দেশের চিনিশিল্পকে স্বাবলম্বী করে তোলা।
গতকাল বুধবার রাজধানীতে বিএসএফআইসির সদর দপ্তরের বোর্ডরুমে সংস্থাটির জিয়া পরিষদের উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা ও আলোচনা সভায় করপোরেশনের চেয়ারম্যান মো. শামছুজ্জামান (সুরুজ) এ কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর উদ্যোগে ৩৮ হাজার ৯৫০ জন আখচাষির কাছে সময়মতো প্রণোদনার অর্থ পৌঁছে দেওয়ার মাধ্যমে চাষিদের আস্থা ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।
চেয়ারম্যান আরও জানান, চিনিশিল্পকে লাভজনক ও আধুনিক খাত হিসেবে গড়ে তুলতে বিএসএফআইসি কাজ চালিয়ে যাবে। অনুষ্ঠানে করপোরেশনের পরিচালক (ইক্ষু উন্নয়ন ও গবেষণা) ড. আব্দুল আলীম খান, পরিচালক (উৎপাদন ও প্রকৌশল) মোহাম্মদ সাঈদ-উর-রহমান, পরিচালক (অর্থ) তাহমিনা আক্তার, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) সাইফুর রহমান খান ও সচিব মোহাম্মদ মুজিবুর রহমানসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জিয়া পরিষদের সভাপতি কৃষিবিদ মো. আবু রায়হান অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন।
অনুষ্ঠানের বক্তারা আশা প্রকাশ করেন, আখচাষিদের সময়মতো অর্থ পরিশোধ ও প্রণোদনা প্রদান এবং আধুনিকায়নের উদ্যোগ অব্যাহত থাকলে দেশের চিনিশিল্পের উৎপাদন বাড়বে এবং জাতীয় অর্থনীতিতে এর ইতিবাচক অবদান রাখার সুযোগ তৈরি হবে।