প্রচলিত মূল্য নির্ধারণ পদ্ধতি অনুযায়ী সয়াবিন তেলের দাম এখন আরও বেশি হওয়ার কথা ছিল বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তাঁর ভাষ্য, আমদানিকারকদের একপ্রকার জোর করে রাজি করিয়ে দাম আটকে রাখা হয়েছে। একই সঙ্গে তিনি জানান, রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ পরিস্থিতি ভালো রয়েছে।
শুক্রবার সন্ধ্যায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অসচ্ছল শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
ভোজ্যতেলের দাম প্রসঙ্গে মন্ত্রী বলেন, সয়াবিন বা পাম অয়েলের উৎসস্থল বাংলাদেশ নয়; উৎসে দাম কমলে এখানে তার প্রভাব পড়বে, বাড়লে সেটিরও প্রভাব পড়বে। তিনি বলেন, যে সূত্রে দাম ঠিক করা হয়, তাতে মূল্য আরও বেশি হওয়ার কথা; কিন্তু আমদানিকারকদের রাজি করিয়ে বর্তমান দাম ধরে রাখা হয়েছে। মন্ত্রীর ভাষায়, এক ধরনের জোর করেই তাঁদের রাজি করানো হয়েছে। দাম নির্ধারণের পদ্ধতি সম্পর্কে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে পণ্যের সিএফআর মূল্য, বন্দরের খরচ, প্রক্রিয়াজাতকরণ ব্যয় ও অপচয়ের হিসাব ধরে প্রতি লিটারের খরচ নির্ধারিত হয়। এটি গোপন হিসাব নয় বলেও তিনি উল্লেখ করেন এবং সাংবাদিকেরা চাইলে বাণিজ্য মন্ত্রণালয় থেকে সূত্রটি নিয়ে নিজেরা হিসাব করে দেখতে পারেন বলে জানান।
রমজানের আগে বাজার পরিস্থিতি সম্পর্কে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাজারে পণ্যের সরবরাহ স্থিতিশীল এবং অত্যাবশ্যকীয় পণ্যের সরবরাহ পরিস্থিতিও ভালো। আপাতত এ নিয়ে কোনো সমস্যা নেই বলে তিনি মন্তব্য করেন।
গোপালগঞ্জে মোবাইল আর্থিক সেবা বিকাশের লেনদেন বন্ধ থাকা প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিষয়টি বাংলাদেশ ব্যাংকের আওতাধীন, তাই এ নিয়ে ব্যাংক বা অর্থ মন্ত্রণালয়ই ভালো বলতে পারবে। তবে ওই এলাকায় যেভাবে টাকা যাচ্ছে, তাতে যথেষ্ট প্রশ্ন উঠেছে এবং সেটি স্বাভাবিক প্রবাহ নয় বলেই সতর্কতা নেওয়া হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সংসদ সদস্য এম এ মালেক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী উপস্থিত ছিলেন।