সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

কমনওয়েলথ সম্মেলনে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন হুমায়ুন কবির, সফরকালে পেলেন পূর্ণ মন্ত্রীর ক্ষমতা

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে সফরের সময় ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ জন্য সফরের সময় তাঁকে পূর্ণ মন্ত্রীর মর্যাদা ও ক্ষমতা দিয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার মন্ত্রিপরিষদ বিভাগের সরকার গঠন ও প্রটোকল শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি তাতে স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কার্যবিধিমালা ১৯৯৬-এর ৪(৩) বিধি অনুযায়ী হুমায়ুন কবিরকে মন্ত্রীর পূর্ণ ক্ষমতা দেওয়া হলো। কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়া এবং এ সময় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনের জন্যই এই ব্যবস্থা।

চলতি বছরের কমনওয়েলথ শীর্ষ সম্মেলন আগামী ১ থেকে ৪ নভেম্বর অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডার রাজধানী সেন্ট জনসে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।