রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

নোয়াখালীর চৌমুহনীতে চলন্ত যাত্রীবাহী বাসে আগুন, ফেসবুকে ভিডিও

শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পৌরসভা কার্যালয়ের সামনে আনন্দ পরিবহনের বাসে পেট্রল ঢেলে আগুন; পুলিশ জড়িতদের শনাক্তে কাজ করছে।

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী চৌরাস্তা এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চৌমুহনী পৌরসভা কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের একাধিক নেতাকর্মী নিজেদের ফেসবুক আইডিতে আগুন দেওয়ার ভিডিও পোস্ট করেন। এরপরই বিষয়টি জানাজানি হয়। ঘটনার জন্য কারা দায়ী, তা এখনো নিশ্চিত নয়; পুলিশ জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।

রাতের অন্ধকারে ধারণ করা ১৭ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, চৌমুহনী পৌরসভা কার্যালয় এলাকা পার হওয়ার সময় চৌমুহনী থেকে লক্ষ্মীপুর অভিমুখী একটি বাসে আগুন দেওয়া হয়। অজ্ঞাতনামা দুজন বাসটির পেছনের বাঁ পাশে ও সড়কে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। এরপর আগুনলাগা অবস্থাতেই বাসটিকে দ্রুত চৌরাস্তার দিকে চলে যেতে দেখা যায়। একই সময় যাঁরা আগুন লাগান, তাঁরাও পালিয়ে যান।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আনন্দ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গেলেও সেখানে কাউকে পাওয়া যায়নি। বাসটিও পরে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তে পুলিশ কাজ করছে।

গত শুক্রবার রাত থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাস, ট্রেন, ব্যাংক ও বিদ্যুৎ স্থাপনায় অগ্নিসংযোগ এবং পেট্রলবোমা-ককটেল নিক্ষেপের একাধিক ঘটনা ঘটেছে। পুলিশ বলছে, নাশকতার অভিযোগে সারা দেশে বিশেষ অভিযান চলছে।