রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

শেখ হাসিনার পুনর্বিচারের আইনগত সুযোগ নেই, ভারতের পরামর্শ ‘উদ্ভট’: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর

ট্রাইব্যুনাল প্রাঙ্গণে রোববারের ব্রিফিংয়ে আমিনুল ইসলাম বলেন, আপিলের সুযোগ সরকার বা প্রসিকিউশন কেউই দিতে পারে না, কারণ আইনে সে বিধান নেই।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড পাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুনর্বিচারের আইনগত কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। বিষয়টিকে তিনি ‘উদ্ভট বক্তব্য’ বলে প্রত্যাখ্যান করেছেন।

আজ রোববার ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এক সাংবাদিক জানতে চান, আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে—ভারত সরকার চায় শেখ হাসিনাকে আপিলের সুযোগ দেওয়া হোক এবং তাঁর পুনর্বিচার হোক; এর আইনগত সুযোগ আছে কি না।

জবাবে আমিনুল ইসলাম বলেন, বাংলাদেশে একটি বিচার হয়ে গেছে, সেটির আবার বিচার চাওয়া হচ্ছে, যাকে বলা হয় ‘ডি নোভো ট্রায়াল’। তাঁর ভাষ্য, এই ব্যবস্থা এক সময় বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে ছিল, কিন্তু তিন দেশই তা বাতিল করেছে। যে দেশ নিজে এটি চর্চা করে না, সে আরেক দেশকে এই বিচারের পরামর্শ দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। চিফ প্রসিকিউটরের দাবি, যে সরকার এখন পরামর্শ দিচ্ছে, সেই ভারত এই মামলার বিচারপ্রক্রিয়ার শুরু থেকেই সবকিছু জানে।

আপিল প্রসঙ্গে তিনি বলেন, ‘আপিলের সুযোগ তো সরকারও দিতে পারবে না, আমিও দিতে পারব না। এটা তো তাদের (আওয়ামী লীগ সরকার) প্রণীত আইন।’ তাঁর ভাষ্য, ওই আইন ও রুলস অব প্রসিডিউর ব্যবহার করেই ২০২৪ সালের আগ পর্যন্ত আওয়ামী লীগ সরকার ট্রাইব্যুনাল পরিচালনা করেছে; বর্তমান সরকার কোনো আইন পরিবর্তন করেনি। আইনে বিধান না থাকলে ট্রাইব্যুনাল, প্রসিকিউশন বা সরকার—কারও এখতিয়ার নেই বলে উল্লেখ করেন তিনি।

এই মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে ট্রাইব্যুনাল-১ মৃত্যুদণ্ড দেন। রাজসাক্ষী হিসেবে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার ৫৭ দিন পর গত ১৩ জানুয়ারি পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়; আইন অনুযায়ী এর ৩০ দিনের মধ্যে আপিলের সুযোগ ছিল। শুরু থেকেই পলাতক শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন।