সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬

এইচএসসিতে ১০ লাখ ৮৭ হাজার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন, ফল ২৩ নভেম্বর

২ লাখ ৯১ হাজার ২০৯ শিক্ষার্থী আবেদন করেছেন; ঢাকা বোর্ডে সবচেয়ে বেশি আবেদন ইংরেজি ও আইসিটিতে।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র (বিষয়) পুনর্নিরীক্ষা ও পুনর্মূল্যায়নের আবেদন করেছেন পরীক্ষার্থীরা। দেশের ১১টি শিক্ষা বোর্ডে ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী এই আবেদন করেছেন। আবেদনের শেষ সময় ছিল ৮ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত। পুনর্নিরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ২৩ নভেম্বর।

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এসব তথ্য জানান। তিনি বলেন, শুধু ঢাকা বোর্ডেই খাতা পুনর্নিরীক্ষণের জন্য ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি আবেদন জমা পড়েছে।

ঢাকা বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে ৪২ হাজার ২টি করে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে (আইসিটি) ৩৮ হাজার ৭৫টি আবেদন জমা পড়েছে। এই দুই বিষয়েই সবচেয়ে বেশি আবেদন এসেছে। বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রে ২৪ হাজার ৮৫৮টি করে আবেদন পড়েছে। বিজ্ঞান বিভাগে রসায়নে ১৮ হাজার ৪৮২টি এবং জীববিজ্ঞানে ১৫ হাজার ৭৫৭টি করে আবেদন জমা পড়েছে। মানবিক বিভাগে পৌরনীতি ও সুশাসনে ৩ হাজার ৫৭১টি এবং সমাজকর্মে ১ হাজার ৯৯৭টি আবেদন আছে। ব্যবসায় শিক্ষায় হিসাববিজ্ঞানে সর্বোচ্চ ৩ হাজার ৮২৭টি এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনায় ২ হাজার ৩৩১টি আবেদন এসেছে।

ইংরেজি ও আইসিটিতে পাসের হার কম হওয়ার কারণ ব্যাখ্যা করে বোর্ড চেয়ারম্যান বলেন, দুই বছর ধরে পরীক্ষা গ্রহণ ও মূল্যায়নের পদ্ধতি বস্তুনিষ্ঠ ও নির্মোহ করা হয়েছে। এ ছাড়া শিক্ষকসংকটও একটি বড় কারণ। তাঁর ভাষ্য, অনেক কলেজে পর্যাপ্ত আইসিটি শিক্ষক নেই, সরকারি কলেজেও বিষয়ভিত্তিক শিক্ষক না থাকায় অন্য বিষয়ের শিক্ষকদের দিয়ে আইসিটি পড়ানো হয়। তিনি আরও বলেন, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য আইসিটি সহজবোধ্য হলেও মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য এই সিলেবাস বেশ কঠিন।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত ৩১ অক্টোবর প্রকাশিত এইচএসসি ও সমমান পরীক্ষায় ১১টি বোর্ডে পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন এবং জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন।

মন্ত্রণালয় আরও জানায়, এ বছরের এসএসসিতে ৪ লাখ ২ হাজার ৫২ শিক্ষার্থী ফল পুনর্মূল্যায়নের আবেদন করেছিলেন। পুনর্নিরীক্ষণের পর সারা দেশে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেন এবং নতুন করে জিপিএ-৫ পান ৩ হাজার ৭৯ জন। বোর্ড চেয়ারম্যান জানান, খাতা মূল্যায়নে অনিয়ম বা গাফিলতির প্রমাণ মিললে সংশ্লিষ্ট প্রধান পরীক্ষক ও পরীক্ষকদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।