শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

সিলেটমুখী ১১ দলীয় লংমার্চ স্থগিত, ২১ নভেম্বরের কর্মসূচি হচ্ছে না; নতুন তারিখ ঠিক হয়নি

রেলপথে লংমার্চ করার পরিকল্পনায় যাত্রীসেবা নিয়ে জটিলতা দেখা দেওয়ায় সিদ্ধান্ত পুনর্বিবেচনা; জামায়াতের সেক্রেটারি জেনারেল বলছেন, শীর্ষ নেতৃত্ব বসে সিদ্ধান্ত নেবে।

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের সিলেটমুখী লংমার্চ কর্মসূচি স্থগিত করা হয়েছে। পূর্বঘোষণা অনুযায়ী আগামী ২১ নভেম্বর সিলেট অভিমুখে লংমার্চ হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। কর্মসূচির নতুন কোনো তারিখও নির্ধারণ করা হয়নি।

সিলেট জেলা জামায়াতের আমির হাবিবুর রহমান শুক্রবার সন্ধ্যায় জানান, খুলনার লংমার্চের আগেই সিলেটের কর্মসূচি স্থগিত রাখার বিষয়ে কেন্দ্র থেকে নির্দেশনা এসেছিল। কবে এ কর্মসূচি হবে, সে বিষয়ে নতুন কোনো নির্দেশনা তাঁরা পাননি।

সিলেটের কর্মসূচি নিয়ে শুরু থেকেই আলাদা পরিকল্পনা ছিল। গত ৬ আগস্ট কর্মসূচি ঘোষণার সময় বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমান জানিয়েছিলেন, অন্য বিভাগগুলোর মতো সড়কপথে নয়, সিলেটে রেলপথে লংমার্চ হবে। জামায়াতের কেন্দ্রীয় নেতারা জানান, সিলেটমুখী মহাসড়ক বেহাল হওয়ায় স্থানীয় পর্যায় থেকে রেলপথে যাওয়ার প্রস্তাব আসে। পরিকল্পনা ছিল ট্রেনে সিলেটে গিয়ে রেলস্টেশনের কাছাকাছি পথসভা করার। এতে সড়কে সাধারণ মানুষের ভোগান্তি কমবে বলে তাঁরা মনে করেছিলেন।

তবে রেলপথে কর্মসূচি বাস্তবায়নে নতুন জটিলতা সামনে আসে। লংমার্চের সময়ও ট্রেনে সাধারণ যাত্রী পরিবহন চলবে। ফলে যাত্রীসেবা স্বাভাবিক রেখে একই সময়ে রাজনৈতিক কর্মসূচি করা কতটা সম্ভব, তা নিয়ে আলোচনা শুরু হয়। এ কারণে ট্রেনে লংমার্চের সিদ্ধান্ত পুনর্বিবেচনার উদ্যোগ নেওয়া হয়।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, আপাতত সিলেটমুখী লংমার্চের নতুন কোনো তারিখ নির্ধারণ করা হয়নি; দলের শীর্ষ নেতৃত্ব বসে সিদ্ধান্ত নেবেন। ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ জানান, বিগত কর্মসূচি মূল্যায়ন ও দেশের সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষণ করে চলমান আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে গত ৬ আগস্ট চার বিভাগে ধারাবাহিক লংমার্চের কর্মসূচি ঘোষণা করে ১১ দলীয় ঐক্য। ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম এবং ১৯ সেপ্টেম্বর রংপুর অভিমুখে লংমার্চ হয়। তৃতীয় কর্মসূচি হিসেবে ৩১ অক্টোবর খুলনা বিভাগ অভিমুখে লংমার্চ অনুষ্ঠিত হয়, যার সমাপনী সমাবেশ হয় কুষ্টিয়ায়।