রাজধানীর কাফরুলে একটি পেট্রলপাম্পে জ্বালানি তেল পরিমাপে কারচুপির প্রমাণ পেয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। পাম্পটিতে প্রতি ১০ লিটার অকটেন ও ডিজেল সরবরাহে ২২০ থেকে সর্বোচ্চ ৫৩০ মিলিলিটার পর্যন্ত কম দেওয়া হচ্ছিল। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং অনিয়মের সঙ্গে সংশ্লিষ্ট তিনটি ডিসপেন্সিং ইউনিট বন্ধ করে দেওয়া হয়েছে।
বিএসটিআইয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার সংস্থাটির ভ্রাম্যমাণ আদালত পশ্চিম কাফরুলের বেগম রোকেয়া সরণির একটি ফিলিং অ্যান্ড সার্ভিসিং স্টেশনে অভিযান চালায়। অভিযানে ঢাকা মহানগর পুলিশ সহায়তা করে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানম।
বিজ্ঞপ্তি অনুযায়ী, পাম্পটির দুটি অকটেন ডিসপেন্সিং ইউনিটের তিনটি নজল পরীক্ষা করা হয়। এতে প্রতি ১০ লিটার অকটেন সরবরাহের বিপরীতে যথাক্রমে ৪৫০, ৪৪০ ও ২২০ মিলিলিটার কম দেওয়ার প্রমাণ মেলে। একটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটের দুটি নজল পরীক্ষা করে প্রতি ১০ লিটারে যথাক্রমে ২৫০ ও ৫৩০ মিলিলিটার কম পাওয়া যায়।
জ্বালানি তেল পরিমাপে এমন কারচুপির দায়ে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮’ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয় এবং জরিমানার অর্থ আদায় করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। অভিযানে বিএসটিআইয়ের প্রসিকিউটর হিসেবে ছিলেন ফিল্ড অফিসার (সিএম) মো. আবদুল কাদের এবং পরীক্ষক (মেট্রোলজি) আহসান হাবীব খান।
বিএসটিআই জানিয়েছে, জ্বালানি তেল পরিমাপে কারচুপি ও ভোক্তাস্বার্থবিরোধী কর্মকাণ্ড ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।