আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল চিকিৎসকদের উদ্দেশে বলেছেন, রোগীদের অযথা টেস্ট দেওয়া বন্ধ করতে হবে এবং মধ্যস্বত্বভোগী হিসেবে কাজ করা উচিত নয়।
শনিবার (১৬ আগস্ট) দুপুরে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক মালিক সমিতির এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ড. নজরুল বলেন, “মানুষ চিকিৎসার জন্য ভারত বা থাইল্যান্ডে যেতে চায় না। বাংলাদেশের চিকিৎসকরা মানসম্মত চিকিৎসা দিতে সক্ষম। কিন্তু অনর্থক টেস্ট আর ওষুধ কোম্পানির চাপের কারণে মানুষের ভোগান্তি বাড়ছে।”
তিনি অভিযোগ করেন, রোগীদের নির্দিষ্ট কোম্পানির ওষুধ কিনতে বাধ্য করা হয়। ওষুধ কোম্পানির প্রতিনিধিদের জন্য আলাদা সময় বরাদ্দ রাখা প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, “পৃথিবীর কোন দেশে এটা হয়? আপনারা কি ওষুধ কোম্পানির দালাল?”
নিজস্ব অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, “আমার বাসার এক সহকারী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে গিয়েছিল। তাকে ১৪টা টেস্ট দেওয়া হয়। পরে সে ক্ষুব্ধ হয়ে ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছে, যেখানে এত টেস্টের দরকার হয়নি।”
এছাড়া নার্সদের নিম্ন বেতন নিয়ে প্রশ্ন তুলে ড. নজরুল বলেন, “একজন নার্স যদি ১২ হাজার টাকা বেতন পান, তাহলে তিনি কীভাবে মেজাজ ঠিক রেখে মানসম্পন্ন সেবা দেবেন?”
এই সমস্যার সমাধানে হাসপাতাল মালিকদের কম মুনাফায় পরিচালনার আহ্বান জানান তিনি।