রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

ইউপি নির্বাচন নিয়ে ইসির সংলাপ আজ শুরু: জোটগতভাবে যাওয়া নিয়ে ১১-দলীয় ঐক্যে মতভিন্নতা, বিএনপি যাবে সোমবার

জামায়াত রোববারের সংলাপে অংশ নিচ্ছে না, জোটগতভাবে যেতে চায়; এনসিপি ও এবি পার্টি আলাদাভাবে যাওয়ার পক্ষে।

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রোববার সংলাপ শুরু করছে নির্বাচন কমিশন (ইসি)। এই সংলাপে জোটগতভাবে অংশ নেওয়া হবে কি না, তা নিয়ে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যে মতভিন্নতা তৈরি হয়েছে।

ইসি পরপর তিন দিনে ৫৫টি নিবন্ধিত রাজনৈতিক দলকে সংলাপে আমন্ত্রণ জানিয়েছে। নিবন্ধনের ক্রম অনুসারে রোববার প্রথম ১৮টি দল, সোমবার পরের ১৯টি এবং মঙ্গলবার আরও ১৮টি দলকে ডাকা হয়েছে। প্রথম দিনের তালিকায় ক্ষমতাসীন বিএনপি, বিরোধী দল জামায়াতে ইসলামীসহ ১১-দলীয় ঐক্যভুক্ত তিনটি দলের নাম আছে। তবে বিএনপি ইসিকে জানিয়েছে, তারা রোববারের বদলে সোমবার সংলাপে অংশ নিতে চায়। সে অনুযায়ী দলটি সোমবার সংলাপে অংশ নেবে।

জামায়াতে ইসলামী রোববার সংলাপে অংশ নেবে না। ইসি সূত্র জানায়, গত বৃহস্পতিবার জামায়াতের পক্ষ থেকে ইসি সচিব আখতার আহমেদকে ফোনে জানানো হয়, ১১-দলীয় ঐক্যভুক্ত দলগুলো একসঙ্গে সংলাপে অংশ নিতে চায়। ইসির পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক চিঠি দিতে বলা হয়েছিল, কিন্তু শনিবার সন্ধ্যা পর্যন্ত ইসি এ ধরনের কোনো চিঠি পায়নি। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, ১১-দলীয় ঐক্যের জন্য আলাদা সময় চাওয়া হয়েছে; সময় নির্ধারণ হলে ওই দিন সম্মিলিতভাবে ইসিতে যাবেন তাঁরা।

ঐক্যভুক্ত অন্য দলগুলোর মধ্যে নিবন্ধনের ক্রমানুসারে তিনটিকে সোমবার এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহ পাঁচটি দলকে মঙ্গলবার সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, জামায়াতসহ ঐক্যের বেশির ভাগ দল চাইছে ইসির সঙ্গে সংলাপ হোক জোটগতভাবে। তবে এনসিপি এককভাবেই সংলাপে যেতে চায়। প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা মতবিনিময়ের পর এনসিপির আলাদাভাবে যেতে চাওয়া নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

এ বিষয়ে গত শুক্রবার বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১-দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক হয়। বৈঠকে এনসিপি ও এবি পার্টি ছাড়া অন্য দলগুলো জোটগতভাবে সংলাপে যাওয়ার পক্ষে মত দেয়। বৈঠকে এনসিপির প্রতিনিধি ছিলেন দলটির রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীব।