ময়মনসিংহ জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ বাড়ছে। খুন, ধর্ষণ, চুরি, ছিনতাই ও মাদকের বিস্তারে নগর থেকে গ্রাম—কোথাও স্বস্তিতে নেই মানুষ, এমন অভিযোগ করছেন স্থানীয়রা।
পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে ময়মনসিংহ জেলায় ৯৬টি হত্যাকাণ্ড, ২২৫টি ধর্ষণ এবং ২৩৬টি চুরি-ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। একই সময়ে মাদকসংক্রান্ত মামলা হয়েছে এক হাজার ২৯৬টি। এত অপরাধের পরও দৃশ্যমান উন্নতি না হওয়ায় পুলিশের কার্যক্রম ও অপরাধ নিয়ন্ত্রণের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে।
পুলিশের হিসাবে শুধু মার্চ থেকে জুলাই পর্যন্ত পাঁচ মাসেই জেলায় ৫৫টি হত্যাকাণ্ড ঘটেছে; এর মধ্যে জুলাই মাসেই খুন হয়েছেন ১৬ জন। হত্যার পেছনে জমিজমার বিরোধ বড় কারণ হিসেবে উঠে এসেছে। জমির সীমানা নির্ধারণ, দখল ও সম্পত্তির ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে সংঘর্ষে প্রাণহানি ঘটছে। পাশাপাশি পারিবারিক কলহ, পরকীয়া ও সামান্য অর্থের বিরোধও নৃশংস হত্যাকাণ্ডে রূপ নিচ্ছে।
সর্বশেষ গত ১৩ আগস্ট নগরীর মাসকান্দায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে প্রকাশ্যে খুন হন ২৭ বছর বয়সী রাব্বী। এর আগে ফুলবাড়িয়ার এনায়েতপুরে কাস্টমসের সিপাহি আবু রায়হানের ১৫ টুকরা করা লাশ উদ্ধার করে পুলিশ।
ভুক্তভোগীদের অভিযোগ, নিয়মিত পুলিশি টহলের অভাব, তদন্তে দীর্ঘসূত্রতা এবং জামিনে বেরিয়ে আবার অপরাধে জড়িয়ে পড়ার কারণে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। এ বিষয়ে ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান জানান, মাদকের উৎস ও সরবরাহ চক্র শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অপরাধপ্রবণ এলাকায় টহল, সিসিটিভি নজরদারি ও দ্রুত তদন্তের উদ্যোগ রয়েছে বলেও তিনি জানান।